নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে। ২৫ অক্টোবরের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হলে এটি হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন। ফলে এই অধিবেশনই হবে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বড় দুটি দলের মধ্যে সমঝোতার শেষ সুযোগ।
তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো উদ্যোগ নেই। বিষয়টি নিয়ে সংসদে প্রস্তাব তোলার ব্যাপারেও কোনো অগ্রগতি নেই। বিশ্লেষকদের মতে, প্রধান দুই দলের মধ্যে সমঝোতা না হলে এবং আগামী অধিবেশনে নির্বাচনকালীন সরকারব্যবস্থার বিষয়ে সুরাহা না হলে অক্টোবর থেকে দেশের রাজনীতি ভয়াবহ সংঘাতের দিকে মোড় নেবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১৯তম অধিবেশন ১২ সেপ্টেম্বর বসতে পারে। এ বিষয়ে প্রস্তাব রেখে সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে নথি পাঠানো হয়েছে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি।
এই হিসাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। অর্থাৎ, ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
কিন্তু সংসদের ১৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ অক্টোবরের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আভাস দিয়েছেন। সর্বশেষ গত জুনের বাজেট অধিবেশন চলাকালে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী একই আভাস দেন।
আগাম সংসদ ভেঙে দেওয়ার ব্যাপারে সংবিধানে বলা আছে, ভেঙে দেওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ২৫ অক্টোবর সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন হবে ২২ জানুয়ারির মধ্যে। এখন তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি না থাকায় ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হওয়ার বিধান রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংঘাত এড়াতে হলে সংসদের চলতি অধিবেশনেই প্রধান দুই দলকে নির্বাচনকালীন সরকারব্যবস্থার ব্যাপারে সমঝোতায় আসতে হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যেই পরিস্থিতি সংঘাতের দিকে চলে গেছে। সমঝোতা না হলে সংঘাত আরও তীব্র হবে। তাঁর মতে, বিএনপি সমঝোতা চাইছে না।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন, সমঝোতা না হলে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা না হলে সংঘাত অনিবার্য।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি দলের কেউ নির্বাচনকালীন সরকারব্যবস্থার ব্যাপারে কোনো প্রস্তাব দেবে না। তবে বিএনপি সংসদে কোনো প্রস্তাব দিলে সেটা নিয়ে আলোচনা হবে। ১৫ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে আন্দোলন না করে সংসদে গিয়ে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
জানতে চাইলে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ থেকে কোনো প্রস্তাব দেওয়ার সম্ভাবনা নেই। সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই নির্বাচন হবে।
গত জুনে বাজেট অধিবেশনের আগে বিএনপির সাংসদ এ এম মাহবুব উদ্দিন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব করে সংসদে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। ৩ জুন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ওই মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই বৈঠকের এক ঘণ্টার মধ্যে মাহবুব উদ্দিন তাঁর মুলতবি প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।
যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপি আগ বাড়িয়ে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংসদে কোনো প্রস্তাব দেবে না। কারণ, প্রস্তাব পাস করিয়ে আনার মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপির নেই। তবে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে যদি কোনো সুরাহা হয়, সে ক্ষেত্রে বিএনপি প্রস্তাব দেবে।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক বা বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে বিএনপি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে। সেটা ব্যর্থ হলে তারা নির্বাচন বর্জন করবে। সে ক্ষেত্রে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে।