তৈরি পোশাকশিল্পের সংকট উত্তরণে উদ্যোক্তা, শ্রমিক, সরকার, গণমাধ্যম, গবেষণা ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব মহলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তাজরীন ও সাভারে রানা প্লাজার ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে যে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে পাশে চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি তাঁরা নিজেদের বিভিন্ন ব্যর্থতার দায়ভারও স্বীকার করে নেন। পোশাকমালিকেরা বলেছেন, এখন অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে ব্যবস্থা নিয়ে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব নয়। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট এক্সেসরিজ (আনুষঙ্গিক) খাতের কর্মপরিবেশ ও নিরাপত্তার মান নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনে গড়ে ওঠা বিভিন্ন কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। সেই সঙ্গে গার্মেন্টস শিল্পনগরে অ্যাকসেসরিজ খাতের জন্যও জমি বরাদ্দ রাখতে হবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব মতামত উঠে এসেছে। গতকাল বুধবার সকালে প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘পোশাকশিল্পের উন্নয়ন ও বাজেট ভাবনা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করা হয়। গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।বৈঠকে উপস্থিত সরকারের একাধিক মন্ত্রী, তৈরি পোশাকশিল্প উদ্যোক্তা, গবেষক ও শ্রমিক প্রতিনিধি পোশাকশিল্পে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেন। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনেরও দাবি তোলা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে শ্রমিক সংঘ করার অধিকার উন্মুক্ত করে দেওয়ার সময় এসেছে এখন। এ ছাড়া তৈরি পোশাক খাতের সুষ্ঠু বিকাশের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। দেশে-বিদেশে ভাবমূর্তির সংকট এখন এ খাতের বড় সংকট। এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ তৈরি পোশাকশিল্পে বেশ সুবিধা পেয়ে থাকে। পাশাপাশি সস্তা শ্রমের সুবিধাও রয়েছে। এই অবস্থায় পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে ধাক্কা এসেছে তা সামাল দিতে না পারলে মিয়ানমার, কম্বোডিয়াসহ অন্যান্য দেশে এই শিল্প স্থানান্তর হয়ে চলে যেতে পারে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, তৈরি পোশাকশিল্প খাত রক্ষায় একে অপরকে দোষারোপের আর কোনো সুযোগ নেই। এখন দরকার সবার সম্মিলিত উদ্যোগ। সমস্যা সমাধানে এখন এডহক ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করলে আর হবে না। পুরো বিষয়টিকে সমন্বিতভাবে দেখতে হবে। রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু আমাদের এই নির্দেশনা দিয়ে গেছে। শিল্পমন্ত্রী আরও বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতে তৈরি পোশাকশিল্পকে হরতালের আওতামুক্ত রাখতে হবে। শ্রমিকের মজুরি বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। এ খাতে শ্রমিক সংঘ চালু করা এখন সময়ের দাবি। বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, পোশাকশিল্পে যে সংকট দেখা দিয়েছে তা আমরা যদি সমন্বিতভাবে সমাধান করতে না পারি তাহলে এই খাতটি বিদেশি বিনিয়োগকারীদের কর্তৃত্বে চলে যাবে। আগামী বাজেটে এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বিশেষ তহবিল গঠন, এ খাতে মূল্য সংযোজনের ওপর উৎসে কর ব্যবস্থা চালু বা রপ্তানি খাতের জন্য আগের নিয়মে বেশি লাভ করলে বেশি কর পদ্ধতি পুনর্বহাল, ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ও বার্ষিক আমদানি প্রাপ্যতা শিট ইস্যুর দায়িত্ব শুল্ক কর্তৃপক্ষের পরিবর্তে সমিতির হাতে ন্যস্ত করার দাবি জানান তিনি। তাঁর মতে, এসব সুবিধা দেওয়া হলে সময় বাঁচবে আর আর্থিক লেনদেনসহ নানা হয়রানি থেকে রেহাই পাবেন এ খাতের রপ্তানিকারকেরা।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা বলেন, দেশটা আমাদের সবার। একটা লক্ষ্যকে সামনে রেখে নিজেদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে সমস্যা এত জটিল হতো না। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে সব করতে চাই আমরা। এ জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। নূরুল হুদা বলেন, অধিকাংশ পোশাক কারখানা আবাসিক ভবনে করা হয়েছে। এগুলো হচ্ছে নিম্নমানের নকশায় করা। বাড়ির মালিক বেশি ভাড়ার জন্য কারখানা ভাড়া দেন। আর উদ্যোক্তারা তুলনামূলক কম ভাড়ায় পান বলে এসব বাড়ি ভাড়া নিয়ে কারখানা করেন। রাজউক চেয়ারম্যান বলেন, আমরা ইতিমধ্যে ৪০০ কারখানা পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ নিরাপদ ভবন করার দায়িত্ব ভবন মালিকের। এ জন্য ভালো উপকরণ ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা ইমারত নির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, ড্যাপ শতভাগ বাস্তবায়নে চেষ্টা করছে রাজউক। লোকবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এক বছরের মধ্যে পুরো ঢাকাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব।নূরুল হুদা বলেন, ১০ তলা ভবনের অনুমোদন নিয়ে অবৈধভাবে ২২ তলা করা হচ্ছে। রাজউক থেকে ভেঙে ফেলার নোটিশ দিলে তারা হাইকোর্টে রিট করেন। বর্তমানে রাজউকের বিরুদ্ধে এ ধরনের প্রায় পাঁচ হাজার মামলা আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে আলাদা বেঞ্চ করার উদ্যোগ নেওয়া হয়েছে।এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি সালাম মুর্শেদী বর্তমানে পোশাকশিল্পে বেহাল অবস্থা চলছে এমন মন্তব্য করে বলেন, পরবর্তী মৌসুমে আমরা কতটা কাজ করতে পারব জানি না। ইতিমধ্যে আশুলিয়াকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদেশি ক্রেতারা সেখানে কাজ নাও করাতে পারেন।সরকার ঘোষিত মজুরি বোর্ডকে স্বাগত জানিয়ে সালাম মুর্শেদী বলেন, কারখানায় যেভাবে ভাঙচুর হচ্ছে তাতে এই পোশাক খাত এগিয়ে যেতে পারবে না। যাঁরা একটি এলাকায় শ্রমিক অসন্তোষ করছেন তাঁদের শাস্তি দিতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কোথাও শ্রমিক অসন্তোষ হবে না, যদি সেখানে কোনো ইন্ধনদাতা না থাকে। এ জন্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সংবাদ পরিবেশন করে গণমাধ্যম সহায়তা করতে পারে। পরিবেশ দূষণ বন্ধ করতে বাজেটে কেন্দ্রীয় ইটিপির জন্য বরাদ্দ চান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, গত বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয় নাই। এবারও সেটি রাখা উচিত। এ ছাড়া বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আরও তিন বছর প্রণোদনা ও সেটি করমুক্ত রাখার দাবি করেন বিকেএমইএর এই সহসভাপতি।জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আয়েশা ইসলাম মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেন ট্রেড ইউনিয়ন ভয় পান?’ তিনি বলেন, আজকে এত শ্রমিক অসন্তোষের কারণ হচ্ছে, মালিকেরা শ্রমিকদের বোঝাতে পারেন না। কিছু অসাধু শ্রমিক ব্যবসায়ী নেতা হয়তো শ্রমিকদের সৎ পরামর্শ দেন না। তাঁরাই শ্রমিকদের অশান্ত করে তোলেন। চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, গত কিছুদিন ধরে পোশাকশিল্পে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজ সংকট। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এই সংকট সৃষ্টি হয়েছে। নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে বিজিএমইএও কাজ করেনি। মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন করতে পারলে সংকট থেকে উত্তোরণ সম্ভব বলে মনে করেন তিনি।শাইখ সিরাজ বলেন, রানা প্লাজার ঘটনার পর গণমাধ্যম প্রচণ্ড শক্তিশালী ওয়াচ ডগের (তদারকি) কাজ করেছে। এ জন্য অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এত লাশ বা কান্নাকাটি দেখানোতে তো খারাপ প্রভাব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, শ্রম আইনে মালিকদের ৫ শতাংশ মুনাফা শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়ার বিধান ছিল। কিন্তু মালিকেরা সেটা দেন নাই। সম্প্রতি শ্রম আইন সংশোধন করে মালিকদের এটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এম এম আকাশ বলেন, পৃথিবীর সব জায়গায় শ্রমিক সংগঠন করার অধিকার আছে। বাংলাদেশের আইনেও তা আছে। কিন্তু শ্রমিকেরা পোশাক কারখানায় সংগঠন করতে পারছে না। কারণ প্রক্রিয়াটি এমনভাবে করা হয়েছে যেন আবেদন করলে তা অনুমোদন না করা হয়।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রতিবছর মূল্যস্ফীতি বিবেচনা করে মজুরি বৃদ্ধি করা হতো, তবে এটা এত চোখে পড়ত না। শ্রমিক অসন্তোষ কম হতো। তা ছাড়া আমরা আস্থা বা বিশ্বাসযোগ্যতার জায়গাটি হারিয়ে ফেলেছি। বাজেটে পোশাকশিল্পের একটি নিয়ন্ত্রক সংস্থা ও তার জনবলের জন্য বরাদ্দ রাখা প্রয়োজন বলে মনে করেন সিপিডির এই গবেষক।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, বাসাবাড়িতে কারখানা হয় বলেই পোশাকশিল্পে আজ বিপ্লব ঘটেছে। তবে সময় এসেছে এসব কারখানাকে পুনর্বাসন করার। এ জন্য বাজেটে ৫ শতাংশ সুদে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন। আতিকুল ইসলাম বলেন, আমরা খেটে খাওয়া মানুষদের জন্য উইন উইন সিচুয়েশন (দুই পক্ষই যেন খুশি থাকে) করতে চাই। আমরা রক্তচোষা নই। আমরা বেতন বাড়াব। কিন্তু শ্রমিকেরা যেন তা বাড়ি নিয়ে যেতে পারেন সে জন্য সরকারকে কাজ করতে হবে। কারণ বেতন বাড়লেও দোকানদার, বাড়িওয়ালা ও হাসপাতালগুলো তা কেড়ে নিচ্ছে।মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, পোশাক খাতের জন্য বাওশিয়ায় শিল্পপার্ক তৈরি করতে ৫ থেকে ১০ বছর সময় লাগবে। এখন ছোট ছোট জায়গা খুঁজে কম সময়ের ক্লাস্টার পার্ক করা দরকার। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, পোশাকশিল্পের বর্তমান সংকট উত্তরণে অগ্নি ও ভবন নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া বাংলাদেশে পোশাকশিল্পে দাস প্রথা চলছে পোপের এই কথা হেলায় ফিরিয়ে দেওয়া যাবে না।