সংকট নিরসনে এক নেত্রীকে উদার হওয়ার আহ্বান
চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশের মানুষ ও অর্থনীতির স্বার্থে প্রধান দুই রাজনৈতিক নেত্রীর একজনকে উদার হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।রাজনৈতিক সংকট এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ঢাকা চেম্বার সভাপতি সবুর খান। মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আজ বুধবার বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সবুর খান বলেন, ‘৩০০ সাংসদ জাতীয় সংসদে শপথ নেওয়ার সময় বলেছিলেন, দলের চেয়ে রাষ্ট্র বড়। রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করার শপথ নিয়েছিলেন তাঁরা।’ দুই নেত্রীর একজনকে উদার হওয়ার আহ্বান জানিয়ে সবুর খান বলেন, যিনি এই উদরতা দেখাবেন, জাতি তাঁকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং হরতালের বিকল্প বের করার এখনই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন ঢাকা চেম্বার সভাপতি। এ বিষয়ে সংগঠনের কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনীতির আধুনিকায়ন, খোলামেলা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সমঝোতা, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট ফর্মুলা নির্ধারণ, হরতালের জন্য একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রণয়ন ও রাজপথের রাজনীতি বর্জন।