সংকট নিরসনে কূটনীতিকদের ভূমিকা চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে ক্ষমতাসীনদের ওপর চাপ প্রয়োগ করতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যদিকে কূটনীতিকরা একগুঁয়েমি পরিহার করে খোলা মন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে অনুরোধ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে আজ রোববার রাজধানীর একটি হোটেলে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানানো হয়।বিএনপির একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগকে সংলাপে বসাতে কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন। আজকের বৈঠকে বিএনপির নেতারা কূটনীতিকদের বলেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশের রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বিএনপি এ থেকে শান্তিপূর্ণ উত্তরণ চায়। তাঁরা বলেন, সরকার বিএনপির ‘যৌক্তিক দাবির’ প্রতি কোনো ধরনের কর্ণপাত করছে না। সংকট সমাধানে সরকারের কোনো আগ্রহ লক্ষ করা যাচ্ছে না। বৈঠক সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা। এখানে কূটনীতিক বা বিদেশি রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তবে তাঁরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চায়। কিন্তু সরকারকেও তাদের অবস্থান থেকে সরতে হবে। এ ব্যাপারে ভূমিকা নিতে তিনি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।মির্জা ফখরুল নির্বাচনকালীন সরকার নিয়ে তাঁদের দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে আগে সংসদ ভেঙে দিতে হবে। রাষ্ট্রপতি বা বর্তমান প্রধানমন্ত্রীকে তাঁরা ওই সরকারের প্রধান চান না। প্রধান উপদেষ্টা হতে হবে নির্দলীয় কোনো ব্যক্তি। আজকের বৈঠকে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, ইতালি, সুইডেন ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও সাংবাদিক শফিক রেহমান। জানতে চাইলে শমসের মবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা নিয়মিত বৈঠকের অংশ। বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা বিএনপির সঙ্গে কথা বলেছেন।’