রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে নিয়ে একটি জাতীয় সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, সংলাপে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পাশাপাশি ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অন্যান্য পেশার প্রতিনিধিদেরও রাখতে হবে। জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। তাঁরা বলেন, সংকট নিরসনে শান্তিপূর্ণ পথ আছে। সহিংস পথও আছে। সংলাপ একটি শান্তিপূর্ণ উপায়। বর্তমান পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হলে তা হবে দেশ ও মানুষের জন্য মঙ্গলজনক। তবে সব সমস্যার দায় বা সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজা কেবল রাজনীতিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। গোলটেবিল আলোচনায় বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন বলেন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সবাইকে নিয়ে একটি জাতীয় সংলাপ প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এ সংলাপের জন্য চাপ সৃষ্টি করতে হবে।সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে—প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে কামাল হোসেন বলেন, তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেটি কোন সংবিধান? সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা নিজের স্বার্থে সংশোধন করে জনগণের সংবিধান বলে চালিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এটা ছিল না। এটা জনগণের সঙ্গে প্রতারণা ও বেইমানি।’২০০৬ সালেও বর্তমান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একইভাবে সংবিধানের দোহাই দিয়েছিলেন উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, তার পরিণতি ভালো হয়নি। তা ছাড়া সংবিধান এমন কোনো বিষয় নয় যে জনগণের স্বার্থে পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, সরকার ছাত্রলীগকে টেন্ডার ও চাঁদাবাজি করতে প্রশ্রয় দিচ্ছে। ছাত্ররা এ ধরনের কাজে জড়িয়ে পড়লে জাতির ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান জনপ্রশাসন আইনের অধীনে সরকারি কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এতে সরকারি কর্মকর্তাদের পক্ষে সরকারের প্রভাব থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণার আগেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলে। এতে দুটি দলই কোটি কোটি টাকা ব্যয় করছে। এটা প্রতিরোধে কোনো আইন নেই। এমনকি রিটার্নিং কর্মকর্তা কোনো সিদ্ধান্ত নিলে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এ ব্যাপারে আইনে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন থাকা উচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী বলেন, রাজনীতিতে একধরনের অচলাবস্থার কারণে তরুণেরা বিভ্রান্ত হচ্ছেন। এসব কারণেই অনেকে মাদকাসক্ত হচ্ছেন। কেউ কেউ ধর্মীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে, শিক্ষার্থীরাই এ ধরনের কাজে বেশি জড়িয়ে পড়ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে দুটি বড় দলই অনড় অবস্থান নিয়েছে। এ কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন সংলাপের এবং জরুরি ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করা। তিনি বলেন, বৃহত্তর পরিসরে সংলাপ হতে হবে। এতে রাজনৈতিক দল, গণমাধ্যম, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকতে হবে। তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সংস্কার প্রস্তাব তুলে ধরেন। সেখানে তিনি ১২২টি সংস্কার প্রস্তাবের কথা বলেন। তিনি স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন। কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, দুই ভাগে সমস্যার সমাধান করা যায়। এক. সংলাপের মাধ্যমে। আরেক. জনগণের মাধ্যমে। সংলাপের মাধ্যমে সমাধান না হলে জনগণ ব্যবস্থা নেবে। সেই সাহস দেশবাসীর আছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি বলছে, নির্বাচন প্রতিহত করবে। কিন্তু এর আগে এরশাদ সরকারের সময় উপজেলা নির্বাচন প্রতিহত করা যায়নি। খালেদা জিয়ার সময়ে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনও হয়েছে। এবারও আওয়ামী লীগ একাই নির্বাচন করে ফেলবে। বাধা দেওয়া যাবে না। তবে সেই সরকার টিকবে কি না, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। গোলটেবিলে আলোচনায় আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সাংসদ শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, এস এম আকরাম, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক মন্ত্রী সরকার আমজাদ হোসেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মো. মনসুর, চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ।