সংকট নিরসনে থাই প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা আজ মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট নিরসনের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে আছেন। এর আগে থাইল্যান্ডের নির্বাচন কমিশন অভিজিত ভেজ্জাজিভার নেতৃত্বাধীন দলটি ভেঙে দেওয়ার সুপারিশ করে।দেশটির সেনাপ্রধান অনুপং পাওচিন্দা আগাম নির্বাচন অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।গত শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ব্যাংককের কেন্দ্রস্থল থেকে উত্খাত করতে ব্যর্থ হন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত ও অন্তত ৮০০ জন আহত হয়।অভিজিত ২০০৮ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় আসেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আদালত যদি তাঁর দলের সমর্থকদের কোনো অনিয়মের অভিযোগ পান, তাহলে অভিজিত পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। ‘রেড শার্ট’ পরা বিক্ষোভকারীদের অধিকাংশই দেশটির প্রত্যন্ত পল্লি এলাকা থেকে আসা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থনকারী। থাকসিন ২০০৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। বিক্ষোভকারীরা অভিজিতের কাছে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়ার দাবি করেন।ব্যাংকক পোস্ট পত্রিকা আজ মঙ্গলবার জানিয়েছে, অভিজিত ২০১১ সালের শেষ নাগাদ নির্বাচন দিতে চাইলেও ক্ষমতাসীন কোয়ালিশনের কয়েকটি শরিক দল আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে ‘রেড শার্ট’ পরিহিতদের সঙ্গে একমত।তবে ‘রেড শার্ট’ পরিহিতরা এই ঐকমত্যের বিষয়টি নাকচ করে দিচ্ছেন বলে পত্রিকাটি জানায়।ব্যাংককের পর্যটন এলাকায় শনিবারে সংঘঠিত ওই সহিংসতা বিদেশি সরকারগুলোকে উদ্বিগ্ন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।গত রোববার থেকে ব্যাংকক শান্ত রয়েছে। মন্ত্রীরা সংক্রান উত্সব উপলক্ষে ছুটির এ তিনটি দিন নিরাপত্তাকর্মীদের কোনো ধরনের সহিংসতায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।সেনাপ্রধান অনুপং পাওচিন্দা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি আরও রক্তপাত এড়াতে সবকিছুই করতে পারেন এবং তিনি এ সংকটের রাজনৈতিক সমাধান চান।সেনাপ্রধান আরও বলেন, ‘বর্তমান ইস্যু হলো পার্লামেন্ট ভেঙে দেওয়া। সুতরাং আমার মতে, প্রথমত আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়টি উভয় পক্ষের আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে।’ —রয়টার্স