সংকট নিরসনে মধ্যস্থতা করতে চায় মুসলিম বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনের তাগিদ দিয়েছে মুসলিম বিশ্বের দেশগুলো।গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ১০টি মুসলিম দেশের কূটনীতিকেরা এক বৈঠকে এই তাগিদ দেন। প্রায় দুই ঘণ্টা ধরে এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সায়ের মোহাম্মদের নেতৃত্বে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মরক্কো, ওমান, মিসর ও লিবিয়ার কূটনীতিকেরা যোগ দেন।চলমান সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করে এসব দেশ।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, মুসলিম দেশগুলোর অনুরোধেই এই বৈঠকের আয়োজন করা হয়। বন্ধু হিসেবে তারা বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি চায়। তারা চায়, বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক।শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো আশা করেছে, বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যা বাংলাদেশের মানুষের কাছে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।শমসের মবিন চৌধুরী আরও বলেন, কূটনীতিকেরা খালেদা জিয়াকে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আবারও বিরোধী দলের সঙ্গে তাঁরা আলোচনা করবেন। তাঁরা চান, যত তাড়াতাড়ি সম্ভব আগামী নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হোক।একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রভাবশালী কোনো পশ্চিমা দেশের ইঙ্গিতে আরব দেশগুলোর কূটনীতিকেরা আলোচনার এই উদ্যোগ নিয়েছেন কি না, জবাবে শমসের মবিন বলেন, ‘আমরা যত দূর জানি, এটা আরব দেশগুলোর নিজস্ব উদ্যোগ। কারও প্রভাব সম্পর্কে বলা সম্ভব নয়।’বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘খালেদা জিয়া কূটনীতিকদের জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।’বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পাল্টাপাল্টি ধাওয়া: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত বেশ কিছু নেতা-কর্মী ‘নরসিংদীর কমিটি মানি না, মানব না’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় পদ পাওয়া কয়েকজন নেতা তাঁদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে চেয়ারপারসনের কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।