সংকট নিরসনে মধ্যস্থতাকারী হতে চায় মুসলিম বিশ্ব
বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনের তাগিদ দিয়েছেন মুসলিম বিশ্বের দেশগুলো। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যে ও চলমান সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী এসব দেশ।আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত ১০টি মুসলিম দেশের কূটনীতিকরা এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।শমসের মবিন চৌধুরী জানান, মুসলিম দেশগুলোর অনুরোধেই এ বৈঠকের আয়োজন করা হয়। এটি একটি অভূতপূর্ব ঘটনা যে, তাঁরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের ব্যাপারে আলোচনার কথা বলেছেন। কূটনীতিকদের বরাত দিয়ে শমসের মবিন চৌধুরী জানান, বন্ধু হিসেবে তাঁরা বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি চান। তাঁরা বলেন, বাংলাদেশের শান্তি মানে মুসলিম বিশ্বের শান্তি। তাঁরা চান বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক। শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো আশা করেছেন বাংলাদেশে সব রাজনৈতিক-দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে—যা বাংলাদেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কূটনীতিকেরা খালেদা জিয়াকে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আবারও বিরোধী দলের সঙ্গে আলোচনা করবেন। তাঁরা চান যত তাড়াতাড়ি সম্ভব আগামী নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হোক।শমসের মবিন চৌধুরীর কাছে সাংবাদিকরা জানতে চান, কূটনীতিকেরা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন কি না? এর জবাবে তিনি বলেন, তাঁরা বলেছেন তাঁদের আশাবাদ যেন বাস্তবায়িত হয়। এজন্য আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকবে।সাংবাদিকরা জানতে চান খালেদা জিয়া কূটনীতিকদের কী বলেছেন। এর উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘খালেদা জিয়া জানিয়েছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সকলের উদ্যোগে যাতে এটি সম্ভব হয় বাংলাদেশের মানুষ এটি চায়।’বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ বৈঠক চলে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সায়ের মোহাম্মদের নেতৃত্বে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মরক্কো, ওমান, মিসর ও লিবিয়ার কূটনীতিকেরা বৈঠকে যোগ দেন। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।