সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে: খালেদা
তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনীতিবিদদের সংলাপে বসতে জাতিসংঘের মহাসচিবের আহ্বান সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা ইউএনবির কাছে খালেদা জিয়া উপরিউক্ত মন্তব্য করেন।খালেদা জিয়া বলেন, ‘এর সব দায়দায়িত্ব সরকারের। তারাই ঠিক করবে, তারা কী করবে। ইতিমধ্যে আমরা আমাদের অবস্থান জনগণকে জানিয়েছি।’জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফরকালে ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরদিন ১৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করে বান কি মুন বলেন, ২০০৮ সাল থেকেই গণতন্ত্রের পথে বাংলাদেশ অনেক এগিয়েছে। তবে এখনো অনেক কিছু করার আছে। তাই ২০১৪ সালে অনুষ্ঠেয় নির্বাচন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য অনুষ্ঠানের আয়োজন জরুরি। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমি আশা করব, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে এখানকার রাজনীতিবিদেরা দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন।’তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান ও জাতিসংঘের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বান কি মুন বলেন, ‘এটা আপনাদের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের।’ তিনি আশা করেন, রাজনৈতিক দলগুলোর মাঝে যে মতবিরোধ আছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি হবে।কুমিল্লার নির্বাচনে দলীয় অবস্থান: এদিকে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, এই প্রশ্নের জবাবে খালেদা জিয়া ইউএনবিকে বলেন, এটা দলীয় ফোরামের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের পরিবর্তে পূর্ণাঙ্গ মহাসচিব নিয়োগের প্রশ্নে খালেদা জিয়া বলেন, সুবিধাজনক সময়ে এটা করা হবে।তারেকের জন্মদিনে ধামরাইয়ে ছাত্র জমায়েত: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ২২ নভেম্বর ধামরাইয়ে ছাত্র গণজমায়েতের আয়োজন করেছে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন খালেদা জিয়া। ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ছাত্র জমায়েতে মেধাবী কয়েকজন ছাত্রকে কম্পিউটার ও ল্যাপটপ দেওয়া হবে। এ ছাড়া দরিদ্র মানুষের মধ্যে গরু, ছাগল, সেলাই মেশিন এবং শীতবস্ত্র বিতরণ করা হবে। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল জানিয়েছে, ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিনের দিন কেক কাটা ও ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সহসভাপতি শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।