সংকট নিরসনে সরকারের কোনো পরিকল্পনা নেই: ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, ‘সংলাপের প্রস্তাব হতে হবে একটি বিষয়ে, আগামী সংসদ নির্বাচন কার অধীনে হবে।’আজ রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।জয়নুল আবদীন বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংলাপের যে কথা বলেছেন তাতে আন্তরিকতা নেই। বরং আওয়ামী লীগ সহিংসতা চায়।’ তিনি অভিযোগ করেন, সরকার গত চার বছরে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল দমনে রেকর্ড করেছে।সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ১৮ দলের আগামীকালের বিক্ষোভে সরকার পরিকল্পিতভাবে হামলা চালালে এর দায় সরকারকেই নিতে হবে এবং কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আর তাতে প্রমাণিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংলাপের যে প্রস্তাব দিয়েছেন, তা আন্তরিকতাপূর্ণ নয়।