সংকট নিরসনের একমাত্র পথ তত্ত্বাবধায়ক পুনর্বহাল (ভিডিও)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত হওয়ায় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট নিরসনের একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা। এটা পুনর্বহাল করা না হলে রাজনৈতিক অস্থিরতা সংঘাতে রূপ নিতে পারে। আর এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।আজ শনিবার সকালে জিয়া নাগরিক ফোরাম নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ার।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি সংঘাত চায় না; গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হোক, তা-ও চায় না। আর এ জন্য সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিভিন্ন পত্রপত্রিকার সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ৭০ থেকে ৮০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চায়। এর পরও সরকার নিজের অবস্থানে অনড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকারকে হুঁশিয়ার করেন, অতীতে অনেকে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু এর ফল ভালো হয়নি। তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনে তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা ভাবছে।