সংকট মোকাবিলায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত
গ্যাসের চলমান সংকট মোকাবিলায় রাজধানী ও এর আশপাশে দিনের একটি বড় সময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রায় দুই শ সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।গ্যাস স্টেশন মালিকেরা এতে সম্মত হলেও এ কারণে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা ও বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তা ছাড়া এর আগে একই লক্ষ্যে শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন বিভক্ত (হলি ডে স্ট্যাগারিং) করে বিশেষ লাভ হয়নি।পেট্রোবাংলা আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত চূড়ান্ত করে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানিয়েছে। মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলাকে বলা হয়েছে, এটি কার্যকর করার আগে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে।সিদ্ধান্ত নেওয়ার আগে গতকাল বুধবার পেট্রোবাংলা সিএনজি স্টেশন মালিক সমিতির সঙ্গে এক সভা করেছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গতকাল প্রথম আলোকে বলেন, গ্যাস-সংকট মোকাবিলার জন্য সপ্তাহের পাঁচ দিন তিতাস গ্যাসের এলাকার সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনজি স্টেশন মালিক সমিতি এই সিদ্ধান্তের সঙ্গে একমত আছে। বিষয়টির সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত বলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তা কার্যকর করা হবে।পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানির সূত্র জানায়, ঢাকা এবং এর আশপাশের প্রায় দুই শ সিএনজি স্টেশনে দৈনিক গ্যাস ব্যবহার হয় পাঁচ কোটি ঘনফুটের মতো। এই স্টেশনগুলো সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধ রাখলে তিন কোটি ঘনফুটের মতো সাশ্রয় হবে। এটা সার্বিক সংকট নিরসনে বিশেষ কোনো ভূমিকা রাখবে না। তবে স্টেশনগুলো বন্ধ থাকার সময় পাইপলাইনে গ্যাসের চাপ কিছুটা বাড়বে।