সংকটে গিলানির পাশে থাকার প্রত্যয় আইনপ্রণেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের পার্লামেন্ট সদস্যরা। গতকাল শনিবার গিলানির সঙ্গে দেখা করে তাঁরা এ আশ্বাস দেন।এদিকে বেসামরিক সরকারকে সহায়তা করাসংক্রান্ত সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী গিলানি বলেছেন, এটি সম্পর্কের উন্নয়নে সহায়তা করবে।পাকিস্তানের বার্তা সংস্থা এপিপির খবরে বলা হয়, একদল পার্লামেন্ট সদস্য গতকাল প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে দেখা করে বলেন, পার্লামেন্টের ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তাঁরা জোরালোভাবে সমর্থন করেন।সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী গিলানি গত বৃহস্পতিবার বলেন, ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের অস্তিত্ব গ্রহণযোগ্য নয়’ এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সংবিধান মেনে দায়িত্ব পালন করা উচিত।পাকিস্তানে বেশ কিছুদিন ধরেই সরকার ও সামরিক বাহিনীর মধ্যে দূরত্ব বেড়ে চলেছে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর সরকারের সঙ্গে সামরিক বাহিনীর মুখোমুখি অবস্থানের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। এরপর দেশে সামরিক অভ্যুত্থানের ব্যাপারে ব্যাপক গুঞ্জন শুরু হয়। তবে সেনাপ্রধান কায়ানি অভ্যুত্থানের আশঙ্কা গুজব বলে উড়িয়ে দেন।গত শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে কায়ানি বলেন, অভ্যুত্থানের গুজবটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গুজব ছড়িয়ে প্রকৃত ইস্যু থেকে সবার নজর সরিয়ে নেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্রকে সহায়তা করতে সেনাবাহিনী সহায়তা অব্যাহত রাখবে।দেশটির গণমাধ্যমে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্বের বিষয়টি উঠে আসার পর বড়দিন উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে সেনাপ্রধানের ওই বক্তব্যকে স্বাগত জানান প্রধানমন্ত্রী গিলানি। রাজধানী ইসলামাবাদের একটি গির্জায় তিনি বলেন, গণতান্ত্রিক পরিমণ্ডলে সেনাপ্রধানের ওই বক্তব্যকে ইতিবাচক হিসেবে নেওয়া হয়েছে। তাঁর ওই বক্তব্যের কারণে নিশ্চিতভাবে সম্পর্কের উন্নয়ন ঘটবে।গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর গত নভেম্বরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়।এ ছাড়া ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির জের ধরে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি পদত্যাগ করেন। এসব বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দেশটির সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়।এরপর ৬ ডিসেম্বর হঠাৎ করেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যান। এ সময় গুজব ছড়িয়ে পড়ে, জারদারিকে চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। তবে গণমাধ্যমের খবরে জানা যায়, চিকিৎসা নিতে দুবাই যান জারদারি। চিকিৎসা শেষে সপ্তাহ খানেক আগে দেশে ফেরেন তিনি। রয়টার্স ও খালিজ টাইমস।