সংকটে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের অধিকাংশ সময় চলে লোডশেডিং। নতুন চাহিদা পূরণ করার মতো উন্নয়ন প্রকল্প নেই। নতুন লাইন নির্মাণ ও গ্রাহক পর্যায়ে সংযোগ দেওয়া বন্ধ। সমবায় পদ্ধতিতে ‘না লাভ, না ক্ষতি’ ভিত্তিতে পরিচালিত হওয়ার কথা থাকলেও ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে ঢাকা-১, নরসিংদী-১, গাজীপুর ও নারায়ণগঞ্জ—এই চারটি ছাড়া বাকি ৬৬টিই লোকসান দিচ্ছে। অনেক পবিস ব্যাংকে গচ্ছিত স্থায়ী আমানত (এফডিআর) ভাঙিয়ে নৈমিত্তিক রক্ষণাবেক্ষণ ও বেতন-ভাতা মেটাচ্ছে। পবিসগুলোর গড় পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) ১৫ শতাংশের নিচে হিসাব করা হলেও কোনো কোনোটিতে তা ৩০ শতাংশের বেশি। সুদসহ ঋণ (ডিএসএল) পরিশোধের হার ৯০ শতাংশের মতো। পিডিবির কাছ থেকে কেনা বিদ্যুতের পাইকারি দাম যে হারে বেড়েছে, গ্রাহক পর্যায়ে পবিসগুলোর সরবরাহ করা বিদ্যুতের দাম সেই হারে না বাড়ায় প্রতি মাসে ব্যয় বেড়েছে প্রায় ১৫ কোটি টাকা। সমিতিগুলোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েই চলেছে। অথচ আয় কমছে।এই হচ্ছে দেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমের অবস্থা। এ অবস্থায় দেশের সব গ্রামগঞ্জ ও প্রায় সব উপজেলা ও থানার শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও এর কার্যক্রম এক সন্ধিক্ষণে উপনীত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিশ্বব্যাংক কিছু সুপারিশ করেছে। আরইবিও আলাদাভাবে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। এগুলো পর্যালোচনা করে আরইবির কতটুকু এবং কীভাবে সংস্কার করা যায়, তা নির্ধারণের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (উন্নয়ন) প্রধান করে একটি কমিটি গঠন করার কথা বলেছেন বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ।বিশ্বব্যাংকের সুপারিশ: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বিশ্বব্যাংক সরাসরি এসব সুপারিশ করেনি। তাদের অর্থায়নে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কারিগরি সংস্থা ‘পাওয়ার সেল’ অস্ট্রেলীয় একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে আরইবি ও এর কার্যক্রমের ওপর একটি সমীক্ষা করায়। এই সমীক্ষার সুপারিশে আরইবির মৌলিক সংস্কারের সুপারিশ করা হয়েছে।সুপারিশে বলা হয়, আরইবির বর্তমান কাঠামোয় নির্বাহী ক্ষমতা ও নির্বাহী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা এক ব্যক্তি বা বোর্ডের ওপর ন্যস্ত। এই কাঠামোয় সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। এ ছাড়া সংস্থার জনবল নিয়োগসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরইবি কর্তৃপক্ষ নিতে পারে না। নির্ভর করতে হয় মন্ত্রণালয়ের ওপর। ফলে কাজের গতিশীলতা ব্যাহত হয়। মাঠপর্যায়ে পবিসগুলোর প্রশাসনিক ও গ্রাহকসেবা কার্যক্রমের মানও আগের মতো উন্নত পর্যায়ে নেই।এ অবস্থায় ডেসকো, ডিপিডিসির মতো আরইবিকেও কোম্পানিতে রূপান্তরের (করপোরেটাইজেশন) সুপারিশ করা হয়েছে। এটা করা হলে বিশ্বব্যাংক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে বড় ধরনের অর্থসহায়তা দেবে বলে আরইবিকে মৌখিকভাবে জানিয়েছে।আরইবির মূল্যায়ন: আরইবি নিজেও তাদের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। এতে সংস্থার বিভিন্ন বিভাগের দুর্বলতা ও সবলতা চিহ্নিত করে কিছু করণীয় নির্ধারণ করা হয়েছে। আরইবির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এসব করণীয় বিষয় প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।মন্ত্রণালয় ও আরইবি সূত্র জানায়, ওই মূল্যায়ন প্রতিবেদনে আরইবির বর্তমান স্থবির অবস্থার জন্য বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধি, কয়েক বছর ধরে কোনো উন্নয়ন প্রকল্প না থাকা, অত্যধিক লোডশেডিং ও পবিসগুলোর ব্যয় বৃদ্ধির কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতের গ্রাহক পর্যায়ে প্রায় আট বছর পর বিদ্যুতের দাম বাড়ানো হয় গত বছর। তা-ও পিডিবির কাছ থেকে যে হারে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়, তার চেয়ে কম হারে দাম বাড়ানো হয়েছে। আরইবি ১২ শতাংশ দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছিল। কিন্তু দাম বাড়ানো হয় ৭ শতাংশের মতো।তা ছাড়া পল্লী বিদ্যুতের প্রায় ৪৭ শতাংশ গ্রাহক কৃষক, যাঁরা মূলত সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করেন। কিন্তু সেচকাজে ব্যবহূত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। সর্বোপরি আরইবির অসংখ্য গ্রাহক হচ্ছেন প্রান্তিক পর্যায়ের, যাঁরা সর্বনিম্ন বিল দেওয়ার মতো বিদ্যুৎ ব্যবহার করেন। এই শ্রেণীর গ্রাহকের ক্ষেত্রেও দাম বাড়ানো হয়নি।আরইবির বিতরণ এলাকাগুলোতে দিনের অধিকাংশ সময় লোডশেডিং থাকায় ট্রান্সফরমার, উপকেন্দ্রের যন্ত্রপাতি প্রভৃতি কম লোডে চলায় পদ্ধতিগত লোকসান বাড়ে। এগুলোই আরইবির বর্তমান অবস্থার জন্য প্রধান কারণ বলে সংস্থার মূল্যায়নে দাবি করা হয়।তবে আরইবির কর্মকর্তা এবং কয়েকটি পবিসের মহাব্যবস্থাপক ও পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্থার বর্তমান দুরবস্থার আরও কারণ হচ্ছে—প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে বিতরণ অবকাঠামোর সম্প্রসারণ। ১৯৯১ সাল থেকে প্রতিটি সরকারের আমলে এই অনিয়মতান্ত্রিক সম্প্রসারণ হয়েছে। রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত হয়ে আরইবি ও পবিসগুলো এই কাজ করতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে আরইবি ও পবিসের কর্মকর্তারা এর বিনিময়ে যথেষ্ট সুযোগ-সুবিধাও নিয়েছেন বা পেয়েছেন।এ ছাড়া মন্ত্রী-সাংসদদের প্রভাব ও কোটায় বিদ্যুৎ লাইন দেওয়া শুরু হয়। এমনও নজির আছে যে দুই কিলোমিটার বিদ্যুৎ লাইন তৈরি করে ২২ জন গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এ পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে যায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তখন প্রত্যেক সাংসদের এলাকায় ৪০ কিলোমিটার করে বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেই লাইনও আবার করতে হয় সংশ্লিষ্ট সাংসদের ইচ্ছা অনুযায়ী। কিন্তু বিদ্যুৎ লাইন করা হলেও ওই লাইনে সরবরাহ করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাইন হয়েছে কিন্তু গ্রাহকেরা বিদ্যুৎ পাননি। ফলে আরইবির ঘরে কোনো টাকাও আসেনি।এই লোকসানের কারণেই উন্নয়ন-সহযোগী সংস্থাগুলো পল্লী বিদ্যুতের অবকাঠামো সম্প্রসারণে সহায়তা দেওয়া বন্ধ রেখেছে। সরকারিভাবেও গত কয়েক বছর কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে সাংসদেরা সব সময়ই বিদ্যুৎ লাইনের সম্প্রসারণ চান। মন্ত্রণালয় সূত্র জানায়, সাংসদদের বক্তব্য হচ্ছে—বিদ্যুৎ পরে হলেও হবে। আগে লাইন হোক। তাঁরা নিজ নিজ এলাকার জনসাধারণকে দেখাতে চান, বিদ্যুৎ আসছে। উন্নয়ন হচ্ছে।এই সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে আরইবি কী করবে—জানতে চাইলে সংস্থার চেয়ারম্যান ভূঁইয়া সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। দেশের সংবিধানের ১৬ অনুচ্ছেদে রাষ্ট্রীয় এই বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এটা আমাদের পালন করতে হবে। তাই পল্লী বিদ্যুৎকে অন্যান্য সংস্থার মতো লাভজনক করে পরিচালনা করা সম্ভব না-ও হতে পারে। এটা বিশ্বব্যাংকও এখন অনুধাবন করেছে।’ ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, ‘এখন আমাদের ছয়টি অঞ্চল আছে। হয়তো আমরা অঞ্চলের সংখ্যা বাড়াব। অঞ্চলগুলোতে এখন শুধু ইঞ্জিনিয়ারিং সেট-আপ আছে। সেখানে হয়তো আমরা ব্যবস্থাপনাও নিয়ে যাব। এভাবে কিছু বিকেন্দ্রীকরণ করে আরইবিকে আরও কার্যকর করে তুলতে হবে।’