সংকটে বাইয়ারপাড়ের চাষাবাদ
‘বাসিয়া’ সুরমার একটি শাখা নদী। সুরমা থেকে শুরু, কুশিয়ারায় গিয়ে শেষ। সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার একাংশ হয়ে বিশ্বনাথ উপজেলার বুক চিরে প্রবাহিত। এ নদীর তীরবর্তী এলাকাগুলো স্থানীয়ভাবে ‘বাইয়ারপাড়’ নামে পরিচিত। তিন উপজেলায় বিস্তীর্ণ ফসলি জমির অধিকাংশ এ নদীর কল্যাণে চাষ হয় বারো মাস। এরমধ্যে সবজিজাত ফলন বেশি হওয়ায় সিলেট অঞ্চলের হাটগুলোতে ‘বাইয়ারপাড়ের সবজি’ নামে এখানকার সবজি পেয়েছে আলাদা খ্যাতি। এই সুখ্যাতি রাষ্ট্রীয় পর্যায়েও এখানকার চাষিকে এনে দিয়েছে সফল চাষির স্বীকৃতি। সেই খ্যাতির সুখানুভূতিতে এখন চিড় ধরতে শুরু করেছে। চলতি মৌসুমে টমেটোর বিলম্বিত উৎপাদনে দরপতনসহ বিভিন্ন শাকসবজির উৎপাদনে ঘাটতি দেখা দেওয়ায় চাষিদের মনে দেখা দিয়েছে দুশ্চিন্তা আর দোলাচল। এই অবস্থা ঠেকাতে বাইয়ারপাড়ে চাষাবাদের প্রাণ বাসিয়া নদীর নাব্যতা, দখলযজ্ঞ আর সেচসংকট কাটিয়ে ওঠা ছাড়া কোনো বিকল্প নেই। সিলেট থেকে বিশ্বনাথ পর্যন্ত পর্যবেক্ষণ করে এবং মাঠের চাষিদের সঙ্গে আলাপ করে এ প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য।