সংকটে মৌলভীবাজারের আগর-আতরশিল্প
আগরগাছ পরিবহনে আইনি জটিলতা, রপ্তানিক্ষেত্রে বন বিভাগের সনদপত্র দিতে দীর্ঘসূত্রীতা এবং বাণিজ্যিক হারে গ্যাসের বিল আদায় করায় মৌলভীবাজারের আগর-আতর শিল্প সংকটের মুখে। ব্যবসায়ীদের দাবি, স্থানীয় কাঁচামালনির্ভর এ শিল্পকে সুষ্ঠু নীতিমালার মাধ্যমে শিল্প হিসেবে স্বীকৃতি না দেওয়ায় তা ঝুঁকির মধ্যে আছে। নানারকম প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বেকার হয়ে পড়ছে কয়েক হাজার আগর-শ্রমিক। হাজার হাজার আগরগাছের ভবিষ্যত্ নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা।সুজানগর গ্রামের ফুরকান উল্লাহ বলেন, ‘এতা (আগর) বহুত পুরানা। বাপ-দাদার আমল থাকি আগরশিল্প চলি আর (চলে আসছে)।’ স্থানীয় আগর ব্যবসায়ীরা জানিয়েছেন, ৫০ বছর আগেও বিশ্বের প্রায় একশ ভাগ আগর-আতর সুজানগর ইউনিয়নে প্রস্তুত ও এখান থেকে রপ্তানি হতো। কিন্তু পরিকল্পনা ও সুষ্ঠু নীতিমালার অভাবে একসময় আগরগাছের সংকট সৃষ্টি হওয়ায় শিল্পটি স্থবির হয়ে পড়ে।ব্যবসায়ীরা জানান, প্রাকৃতিকভাবে উত্পাদিত আগরগাছের সংকট সৃষ্টি হওয়ায় গাছে কৃত্রিম ক্ষত সৃষ্টি করে তা থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগর-আতরের কাঁচামাল সৃষ্টি করা হতে থাকে। এ প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এলাকাটিতে আবার আগর-আতরের কাঁচামাল সহজলভ্য হয়ে ওঠে। বড়লেখা উপজেলার সুজানগর, বড়লেখা সদর ও দক্ষিণভাগ ইউনিয়নে ছোট-বড় প্রায় চার’শ কারখানা গড়ে ওঠে।ব্যবসায়ীরা জানান, বর্তমানে আগরগাছ পরিবহনে রয়েছে আইনি জটিলতা। এ গাছ পরিবহনে টিপি (ট্রানজিট পাস) না থাকলে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা আটকে লোকজনকে হয়রানি করে।বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চলের গাছ অবৈধভাবে কাটা রোধ করতে ১৯৫১ সালে ‘সিলেট ফরেস্ট ট্রানজিট রুল’ তৈরি করা হয়। সে আইন অনুযায়ী গাছ পরিবহনের সময় টিপি নেওয়া বাধ্যতামূলক। ব্যবসায়ীরা জানান, আগর-আতরশিল্পের কাঁচামাল হিসেবে এলাকার প্রতিটি বাড়িতে আগরের গাছ রোপণ করা হয়। একসময় প্রাকৃতিকভাবে আগরগাছ হলেও এখন বাণিজ্যিকভাবে আগরগাছের চাষ করা হচ্ছে। যে কারণে অনেক ব্যবসায়ী অন্যের বাড়ির আগরগাছও কিনে নেয়। সেই গাছ কেটে কারখানায় আনার সময় টিপি না থাকায় তাঁরা হয়রানির শিকার হন। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে অনুমতি পেতে দীর্ঘসূত্রতাও এ শিল্প বিকাশে একটি বড় সমস্যা। রপ্তানির জন্য প্রধান বন সংরক্ষকের সনদপত্র লাগে। এ ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (প্রধান বন সংরক্ষক) নানা জটিলতা সৃষ্টি করে। সময়মতো সনদ না পাওয়া বা দীর্ঘসূত্রতার কারণে আগর-আতর রপ্তানি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয়ভাবে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১৫০ থেকে ২৫০ টাকা। আর দুবাইয়ে ১০০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় এক হাজার ৯০০ টাকা। এতে রপ্তানিকারকেরা এখানেই (দেশে) কাজ করাতে আগ্রহী। কিন্তু প্রায় দুই বছর ধরে এ সনদ জটিলতায় আগর রপ্তানি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় প্রায় ৩০০ কারখানা বন্ধের পথে।এ ছাড়া আগরশিল্প বলা হলেও এখনো এটিকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এ শিল্পে ব্যবহূত গ্যাস বিল বাণিজ্যিকভাবে আদায় করা হচ্ছে। বেঙ্গল পারফিউমারি (বাংলাদেশ) ও আল মবরুক পারফিউমারির (কুয়েত, দুবাই ও সৌদি আরব) মালিক মো. আব্দুল গনি বলেন, ‘টিপি সমস্যা ও সনদ জটিলতায় এ শিল্প এখন ধ্বংসের পথে। অথচ এটি অতি সম্ভাবনাময় একটি শিল্প। এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আমার কারখানায় আগে তিন’শ শ্রমিক কাজ করত। এখন ৫০ থেকে ১০০ জন কাজ করে। তাছাড়া জেলার চার ভাগের তিন ভাগ কারখানাই বন্ধ হয়ে গেছে।’বন বিভাগ সূত্রে জানা গেছে, আগরের বিষয়টি দেখার জন্য একটি সায়েন্টিফিক কমিটি আছে। সনদ দিতে এ কমিটির অনুমতি প্রয়োজন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, ‘এসব সমস্যা নিরসনের জন্য একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি এখনো আইন মন্ত্রণালয়ে পড়ে আছে।’