সংকটে লালপুরের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুনলাম এই হাসপাতালের বয়স প্রায় দেড় শ বছর। অপারেশন করার দু-একজন বড় ডাক্তারও আছেন। অথচ অবশ করার ডাক্তারের অভাবে আমার মতো অনেককে রাজশাহীতে যেতে হয় ছোটখাটো অপারেশনের জন্যও।’ ১৪ সেপ্টেম্বর লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁড়িয়ে কথাগুলো বললেন উপজেলার পুরোনো বাজারের গৃহবধূ আইরিন হোসেন। এখানকার গাইনি বিশেষজ্ঞ নাসরিন সুলতানাও ক্ষোভ প্রকাশ করে বলেন, অপারেশন করব কী করে? এখানকার ওটির অটোক্ল্যাব (বিশুদ্ধকরণ যন্ত্র) মেশিন নষ্ট। খড়ির চুলায় পানি গরম করে যন্ত্রপাতি বিশুদ্ধ করতে হয়। রোগীর রক্তচাপ মাপার একটা যন্ত্রও দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, লালপুরে ১৮৬৭ সালে দাতব্য চিকিৎসালয় নামে এই চিকিৎসাকেন্দ্র গড়ে ওঠে। ১৯৭৩ সালে এটি ৩১ শয্যার পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরিত হয়। ২০০০ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ সময় কয়েক কোটি টাকা খরচ করে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ করা হয়। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়। কিন্তু ওই সব পদে জনবল নিয়োগ তো দেওয়াই হয়নি। উপরন্তু কাউকে কাউকে অন্যত্র প্রেষণে পাঠানো হয়েছে। ২০০০ সালের ৯ ফেব্রুয়ারি লালপুর উপজেলা কমপ্লেক্সে অবসরে যাওয়া (অ্যানেসথেসিয়া) একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তারপর এ এন খায়রুল বাশার নামের ওই চিকিৎসক যোগ দিয়েই পরদিন থেকে হাসপাতালে আসা ছেড়ে দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদবির করে তিনি নাটোর সদর হাসপাতালে প্রেষণে চলে যান। ১১ বছর ধরে তিনি প্রতি মাসে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শুধু বেতন তুলে নেন। এ ব্যাপারে এ এন খায়রুল বাশার বলেন, মন্ত্রণালয় আমাকে যেখানে দায়িত্ব পালন করতে বলেছে, আমি সেখানেই কাজ করছি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির প্যাথলজি বিভাগের দশাও নাজুক। নমুনা সংরক্ষণের জন্য নেই কোনো ফ্রিজ। প্যাথলজি বিভাগে সেবা নিতে আসা স্কুল-শিক্ষক আবদুল করিম বলেন, এখানে রোগীদের জন্য আলাদা কোনো টয়লেট ও বসার জায়গা নেই। ব্লাড ব্যাংক না থাকায় জরুরি মুহূর্তে এখান থেকে রক্তও পাওয়া যায় না। এক্স-রে বিভাগেও একজন মাত্র টেকনিশিয়ান থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।