সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে ড্রামের খোঁজ করছিলেন জহিরুল হক মান্না। তাঁর বাসা বাড্ডায় এবং সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে পানির অভাব। মাঝেমধ্যে যখন পানি আসে তখন খানিকটা ধরে রেখে সেটাই অভাবের সময় ব্যবহার করার ইচ্ছা তাঁর। বললেন, ‘মাঝেমধ্যে এমন দশা হয়, খাওয়ার পানিটুকুও পাওয়া যায় না। বড় দেখে দুই-তিনটা ড্রাম কিনব বলে এখানে আসলাম। ড্রামে পানি ভরে রাখব যাতে পানির জন্য কষ্ট করতে না হয়।’জুতসই একটা চার্জার ফ্যান কিনতে স্টেডিয়াম মার্কেটে বউ-বাচ্চা নিয়ে ঘুরছিলেন এস এম ইমতিয়াজ। তাঁর ভাষায়, ‘আমার বাসা নিচতলায়। হাওয়া-বাতাস একেবারেই নেই। কারেন্ট গেলে খুব কষ্ট হয়। বাচ্চাটা হাঁসফাঁস করে। সেই জন্য এখানে এলাম একটা চার্জার ফ্যান কিনতে। ভালো জিনিস পাব কি না তাই সন্দেহ।’ একটা কথা আছে, ‘যষ্মিন দেশে যদাচার’—যে দেশে যে রীতি, সেই মোতাবেক চলা। ঢাকা শহরের নেই-নেই রবের কোনো শেষ নেই। তা-ই নগরবাসীকেও ‘বিদ্যুৎ নেই’ ও ‘পানি নেই’-এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় এবং হবে। এ জন্যই নগরবাসীকে পানি ও বিদ্যুৎসংকট মোকাবিলা করার ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে।পানির আধারপানি জমাতে চাই পাত্র। যেন-তেন পাত্র হলেও চলবে না। পুরো পরিবারের ন্যূনতম চাহিদা মেটাতে হলে সে অনুপাতে বড় পাত্রও দরকার পড়ে।কাপ্তানবাজার, ঠাটারীবাজার, কারওয়ান বাজার আর নিউমার্কেটের প্লাস্টিক পণ্যের দোকানগুলো ঘুরে দেখা গেল, পানি জমানোর জন্য বেশ কয়েক রকম পাত্রই পাওয়া যায়। যেমন ধরা যাক গ্যালনের কথা। গ্যালনগুলো বেশ কয়েক আকারে পাওয়া যায়। রং আর আকারের ভিত্তিতে এর দাম ওঠানামা করে। ১৬ লিটারের সাদা গ্যালনের দাম ১০০-১৩০ টাকা। কালোটার দাম পড়ে ৬০ টাকা। ২০ লিটারের সাদা গ্যালন ১৫০ টাকা ও কালো গ্যালন ৭০ টাকা। আর ৩০ লিটারের কালো গ্যালন ১০০-১৫০ টাকা।গ্যালন বেশি কাজে আসে পানি বয়ে আনতে। ঘরে দুঃসময়ের জন্য পানি জমাতে দরকার বড় বড় বালতি। বাজারে বেশ কয়েকটি প্লাস্টিক কোম্পানির কয়েক রকম আকৃতির বালতি পাওয়া যায়। দুই লিটার থেকে শুরু করে প্রায় ৭০ লিটার পর্যন্ত হয় বালতির আকার। এর মধ্যে আরএফএলের ৪০ লিটার ৩০০-৩২০ টাকা, ৫০ লিটার ৩৮০-৪০০ টাকা এবং ৭০ লিটারের বালতি ৫৫০-৫৮০ টাকাতেই পাওয়া যায়। বেঙ্গল, তাজ কিংবা কেপিআইয়ের বালতিও প্রায় কাছাকাছি দামেই পাওয়া যায়। তবে যে কোম্পানির বালতিই কিনুন না কেন, আলোর বিপরীতে তুলে দেখে নেবেন কোথাও ফাটা আছে কি না।বালতিতেও যদি না পোষায়, সে ক্ষেত্রে শেষ ভরসা হলো প্লাস্টিকের ড্রাম। প্লাস্টিকের ড্রাম অবশ্য সেভাবে উৎপাদন কিংবা বিপণন হয় না। তবে ঠাটারীবাজার এবং কারওয়ান বাজারের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আগে ব্যবহূত ড্রামের দোকান। এসব ড্রাম আকারে খুব বড় এবং মজবুত হয় বলে অনেকে ড্রামটাকেই ঘরগেরস্তালিতে পানির আধার হিসেবে বেছে নেন। তবে কথা হচ্ছে, এসব ড্রাম আসে মূলত বিভিন্ন কলকারখানা থেকে। এ ধরনের ড্রামে করে কলকারখানায় প্রয়োজনীয় রাসায়নিক আমদানি করা হয়। তাই অবশ্যই ড্রাম কিনে ব্যবহার করার আগে ধুয়ে নিতে ভুলবেন না। বালতির মতো ড্রামও বিক্রি হয় আকৃতি অনুসারে। ৩০ লিটার থেকে শুরু করে ২০০ লিটার পর্যন্ত ড্রাম পাওয়া যায়। এর মধ্যে ১২০ লিটারের ড্রামের দাম পড়বে ৮০০-৯০০ টাকা। ১৫০ লিটার ড্রামের দাম হবে প্রায় ১২০০-১৩০০ টাকা, আর ২০০ লিটারের ড্রাম ১৬০০-২০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। সঞ্চিত বিদ্যুৎপানির মতো বিদ্যুৎও নগরবাসীকে ফাঁকি দিয়ে চলেছে নিরন্তর। তাই বৈদ্যুতিক যন্ত্রের সুবিধা ভোগ করতে এক অর্থে বিদ্যুৎও সঞ্চয় করে রাখতে হচ্ছে নিয়মিত। এ ক্ষেত্রে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএস, জেনারেটর— এসবের চাহিদা দিন দিন বাড়ছেই। ঢাকার বৃহত্তম ইলেকট্রনিক পণ্যের বাজারগুলো ঘুরে অন্তত এমনটাই টের পাওয়া গেল। বায়তুল মোকাররম, স্টেডিয়াম মার্কেট, সুন্দরবন স্কয়ার ও নবাবপুর রোডের বৈদ্যুতিক সরঞ্জামের দোকানগুলোয় হরদম শোভা পাচ্ছে চার্জার লাইট আর ফ্যান। এসব পণ্যের প্রায় পুরোটাই আসে চীন থেকে। তাই দাম আর মান—দুই দিক থেকেই নিম্নমুখী। তবু দোকানিদের সঙ্গে আলাপ করে তুলনামূলকভাবে ভালো পণ্যগুলোর নাম উঠে আসে। যেমন, চার্জারের ক্ষেত্রে ম্যাক্সন, স্প্যান, চায়না ফিলিপস, নোহা, লুসাই ইত্যাদি। এসব চার্জারের দাম ৭০০-৯৫০ টাকা পর্যন্ত হয়। যথারীতি এ ক্ষেত্রেও দরদাম করে বুঝেশুনে কিনতে হবে। আর অবশ্যই এক বছরের ওয়ারেন্টির কার্ডটিতে দোকানের নাম, দোকানির স্বাক্ষর, দিন-তারিখসহ সবকিছু লেখা আছে কি না, বুঝে নিতে হবে। চার্জার ফ্যানের মধ্যে সুনকা, স্যানিও, সানি, রিয়েল, ব্রিজ ইত্যাদি মোটামুটি ভালো। এগুলোর দাম আকার-আকৃতি ভেদে এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে ওঠানামা করে। এ ক্ষেত্রেও চার্জারের মতো পণ্য এবং ওয়ারেন্টি কার্ড দেখে কিনতে হবে। এসব পণ্যের জন্য অন্য যেকোনো জায়গার চেয়ে সুন্দরবন স্কয়ার মার্কেটে গেলে খানিকটা সাশ্রয়ে কিনতে পারবেন। নগরে আইপিএস জনপ্রিয় হচ্ছে দিন দিন। সে জন্যই আইপিএস তৈরির প্রতিষ্ঠানের অভাব নেই। এমনকি খোঁজ নিলে দেখবেন, আপনার পাড়ার ইলেকট্রিশিয়ানও আইপিএস বানাতে পারে। আইপিএসের মূল জিনিসটাই ব্যাটারি। তাই যার কাছ থেকেই কিনুন না কেন, ব্যাটারিটা উন্নতমানের কি না, আর বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা আছে কি না, তা খতিয়ে দেখতে ভুলবেন না।কিন্তু প্রশ্ন হচ্ছে, আইপিএস চার্জ করতেও তো বিদ্যুৎ প্রয়োজন পড়ে। আর বিদ্যুৎই যদি না থাকে তো আইপিএস চার্জ হবে কী দিয়ে। এ ঝুঁকিটা যাঁরা নিতে চান না তাঁদের জন্য রয়েছে জেনারেটর। নবাবপুর রোডে হরদম জেনারেটর বিক্রি হতে দেখে মনে হলো, ঝুঁকি না নিতে চাওয়া লোকের সংখ্যা একেবারে কম নয়। যথারীতি এ পণ্যটিও চীন থেকে আমদানি করা হয়। টাইগার, এসএইচ পাওয়ার, সিন মাস্টার, চায়না হোন্ডাসহ আরও বেশ কিছু ব্র্যান্ডে বিক্রি হয় জেনারেটর। এগুলো ছাড়া বাংলাদেশে তৈরি ওয়ালটনের জেনারেটরও পাওয়া যায় তাদের শোরুমে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার ভিত্তিতে জেনারেটরের দাম ওঠানামা করে। যেমন, ৬০০ ওয়াটের জেনারেটর ৫৫০০ টাকায় কিনতে পাওয়া যায়। ৯০০ ওয়াটের দাম পড়ে ৬০০০ টাকা। ১০০০ ওয়াট ১১০০০ টাকা, ২০০০ ওয়াট ১৪০০০ টাকা। কারও কারও আবার জাপানি প্রযুক্তির প্রতি দুর্বলতা থাকে। জাপানের তৈরি হোন্ডা জেনারেটরের দাম অবশ্য অনেক বেশি। হোন্ডার ৪৫০ ওয়াটের একটি জেনারেটরের দাম পড়ে প্রায় ২৮ হাজার ৫০০ টাকা। ‘সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ’—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ চরণ মাথায় রেখে বিদ্যুৎ ও পানিসংকটে দমে না গিয়ে বিকল্প সন্ধান করছে নগরবাসী। এসব পণ্যের বাজার এখন তাই রমরমা।