সংকটের মুখোমুখি বাংলা ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারেও বইমেলা হচ্ছে। সেখানে যখনই যাই, তখনই মুগ্ধ হই। মুগ্ধ হই প্রতিদিন এত বই বের হতে দেখে, এত লোকের সমাগম দেখে। মুগ্ধ হওয়ার আরও একটা কারণ, প্রকাশনার উচ্চমান। এত প্রকাশক, এত স্টল দেখেও খুব ভালো লাগে। বুঝতে পারি আমাদের দেশে কেবল জনসংখ্যা বাড়েনি, লেখকের সংখ্যা বেড়েছে, পাঠকসংখ্যা বেড়েছে, বইয়ের ক্রেতাও বেড়েছে অনেক। অবশ্য সাক্ষরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাঠকসংখ্যা বাড়ারই কথা। দুই দশক আগের অবস্থার সঙ্গে তুলনা করলে অবশ্যই বিস্মিত ও আনন্দিত হতে হয়। সামগ্রিকভাবে বাংলা ভাষা ও সাহিত্যের এই অভূতপূর্ব প্রসার দেখেও গর্ব বোধ করি। কিন্তু বইমেলা দেখে যতটাই উচ্ছ্বসিত হই, সাম্প্রতিককালে বাংলা লেখা ও পড়ার মান দেখে ততটাই হতাশ হতে হয়। মনে হয় আমাদের ভাষা এখন মুখোমুখি হয়েছে শক্ত চ্যালেঞ্জের। আগের তুলনায় স্কুল-কলেজের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। এমনকি, ব্যাঙের ছাতার মতো চারদিকে গজিয়ে উঠছে বিশ্ববিদ্যালয়। দিকে দিকে বিএ, এমএর ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয়ের সনদপত্র দিয়ে বিচার করলে এরা নিঃসন্দেহে উচ্চশিক্ষিত। এ রকম উচ্চশিক্ষিতের সংখ্যা দেখলে ‘ধন্য ধন্য’ করতে হয়। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে অন্যান্য বিষয়ের তো কথাই নেই, এই সনদধারীরা নিজেদের মাতৃভাষা বাংলাও ভালোমতো শেখেননি। লিখিত ও মৌখিক—দুই রকমের বাংলা সম্পর্কেই এ কথা প্রযোজ্য।কদিন আগে সাক্ষাৎকার নিতে গিয়ে ডক্টরেট করা এক বাংলার অধ্যাপিকাকে ৩০টি বানান লিখতে দিয়েছিলাম। তিনি তার মধ্যে ১২টি বানান শুদ্ধ করে লিখতে পারেননি। যেসব বানান তিনি ভুল লিখেছিলেন, সেগুলোর মধ্যে ছিল ‘স্বাস্থ্য’, ‘মনোবেদনা’, ‘গ্রন্থস্বত্ব’, ‘মহত্ত্ব’, ‘দ্ব্যর্থহীন’, ও ‘দারিদ্র্য’। বানানে তাঁর দারিদ্র্য দেখে কেবল অবাক হইনি, বরং রীতিমতো ব্যথিত হয়েছিলাম। তিনি ‘ক্রীতদাস’ ও ‘স্বায়ত্তশাসন’ লিখতেও ভুল করেছিলেন। ‘কৃত’ আর ‘ক্রীত’-এর পার্থক্য তিনি জানেন না। ‘আয়ত্ত’ বানানও তাঁর আয়ত্তাধীন নয়। এই অধ্যাপিকার অথবা তাঁর মতো আরও যাঁরা আপাতদৃষ্টিতে উচ্চশিক্ষিত, তাঁদের বাইরের জৌলুশ থাক, অথবা না-ই থাক, জ্ঞানের ক্ষেত্রে তাঁদের এই লজ্জাজনক দারিদ্র্য তাঁরা ঢাকবেন কোথায়?অন্য যাঁদের বানান পরীক্ষা নিয়েছিলাম, তাঁদের কেউই এমএ পাসের কম নন। কিন্তু তাঁদেরই বেশ কয়েকজন ‘জ্যৈষ্ঠ’ বানানটা পর্যন্ত লিখতে পারেননি। ভেবে অবাক হই, এ রকম অতি সাধারণ শব্দের বানান লিখতেই যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে পুরো বাক্য তাঁরা লিখবেন কী করে? অথবা তাঁরা নিজের থেকে একটা বাক্য লিখলে সেই বাক্যের চেহারা কী দাঁড়াবে তা আমরা কেবল অনুমান করতে পারি। অথচ আমাদের বাপ-দাদাদের মধ্যে বিএ, এমএ পাস খুব কমই ছিলেন, বেশির ভাগ ছিলেন ‘আন্ডার ম্যাট্রিক’। তাঁরা আমাদের চেয়ে ঢের শুদ্ধ বানান জানতেন। সাধু ভাষায় লিখতেন ঠিকই, কিন্তু শুদ্ধ ভাষায় একটা পোস্টকার্ড লিখতে পারতেন। এ যুগের বিএ, এমএদের কজন শুদ্ধ বানানে একটা ছোট চিঠি লিখতে পারবেন, সে বিষয়ে সন্দেহ আছে।বানানের ব্যাপারে এই বিভ্রান্তি পণ্ডিতদের মধ্যেও সমান বিরাজমান। অভিধানের বানানের সঙ্গে বইয়ের বানান মেলে না, বইয়ের বানানের সঙ্গে পত্রিকার বানান মেলে না, এমনকি বাংলাদেশের বানানের সঙ্গে পশ্চিমবঙ্গের বানানেও অনেক ক্ষেত্রে মিল নেই। ভাষায় বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে এ একটা মস্ত চ্যালেঞ্জ। সময় ও প্রযুক্তি এতটা এগিয়ে গেছে, তাতে বাংলাভাষীদের এ সমস্যার সমাধান করার কথা ছিল অনেক আগেই।কিন্তু সমাধানের পরিবর্তে আমাদের বানানের ক্ষেত্রে চলছে রীতিমতো নৈরাজ্য। সে নৈরাজ্যের দৃষ্টিকটু এবং অবাঞ্ছিত উদাহরণ পাঠ্যপুস্তকেও দেখতে পাই। এ মন্তব্য সত্য, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত—সর্বত্র। একবার চোখ বোলালেই বহু ভুল বানানের দৃষ্টান্ত নজরে পড়ে। একজন ভুক্তভোগী অভিভাবক কদিন আগে পাঠ্যপুস্তকে বানানবিভ্রাটের একটা দৃষ্টান্ত দিলেন। বললেন, তাঁর ছেলের পাঠ্যপুস্তক নিয়ে মহাবিপদে পড়েছেন তিনি। ‘শ্রেণি’ বানানটা দেখিয়ে ছেলে প্রশ্ন করেছে—আগের বছরের বইতে বানানটা ছিল দীর্ঘ ঈ-কার দিয়ে। এ বছর হঠাৎ সেটা বদলে গেল কেন? অভিভাবক নিজেও বহু বছর আগে তাঁর প্রাইমারিতে ‘শ্রেণী’ কথাটার বানান শিখেছিলেন দীর্ঘ ঈ-কার দিয়ে। তিনি তাই একে ভুল বলে রায় দিলেন। কিন্তু তারপর বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধান খুলে দেখলেন তাতে দুটো বানানই আছে—শ্রেণী এবং শ্রেণি। এমনকি স্কুলে গিয়ে আবিষ্কার করলেন যে ছেলের সহপাঠীদের কারও বইয়ে আছে ‘শ্রেণি’, আবার কারও বইয়ে আছে ‘শ্রেণী’।স্কুলের পাঠ্যপুস্তকে বানানবিভ্রাটের একটা কারণ কর্তৃপক্ষ প্রাইমারির পাঠ্যপুস্তক লেখার নির্দেশ দিয়েছে বাংলা একাডেমীর প্রচলিত বানানে এবং এই বিভ্রান্তির বীজ সেখানেই রোপণ করা আছে। দুই রকমের বানান থাকলে টেক্সটবুক বোর্ডের কর্মকর্তারা তখন নিজের নিজের রুচি অনুযায়ী অথবা প্রধান কর্মকর্তার নির্দেশে কেউ প্রথমটি, কেউ বা দ্বিতীয়টি অনুসরণ করেন। এর ফলে বছরে বছরে হ্রস্ব-দীর্ঘের এবং তিন ‘শ’-এর বিরোধ চলতেই থাকে। এ ব্যাপারে অভিধান-প্রণেতারাও দায়ী। বাংলা একাডেমীর অভিধানগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে সেগুলোর একটির বানানের সঙ্গে অন্যটির বানান সব সময়ে মেলে না। এমনকি বাংলা একাডেমীর বানান অভিধানের মূলগ্রন্থ এবং নিয়মাবলিতেও রয়েছে পরস্পরবিরোধী বানান—অভিধানের ভেতরে এক বানান, নিয়মাবলিতে অন্য বানান। যেমন, নিয়মাবলিতে ‘দেশী’ ও ‘বিদেশী’ শব্দ লেখা আছে দীর্ঘ ঈ-কার দিয়ে, কিন্তু ভেতরে লেখা আছে ‘দেশি’, ‘বিদেশি’। এটা বানান শিখতে শিক্ষার্থীদের সাহায্য করে না, বরং তাঁদের মনে ধন্দ লাগায়। বানানের বিভ্রান্তি ছড়ানোর জন্য আরও দায়ী যায় যায় দিন এবং আনন্দবাজার-এর মতো পত্রিকাগুলো। যে বানান অভিধানে নেই, সে বানানে লেখার কর্তৃত্ব তাদের কে দিয়েছে, তারাই তা বলতে পারে।লিখিত বাংলার ক্ষেত্রে যে দুর্দশা লক্ষ করি, তার থেকেও শোচনীয় অবস্থা দেখতে পাই মৌখিক বাংলায়। বাংলাদেশের বেশির ভাগ মানুষেরই জন্ম পাড়াগাঁয়ে, তাই আঞ্চলিক ভাষা নিয়েই আমরা বড় হই। তার একটা প্রভাব আমাদের উচ্চারণে থেকে যেতে পারে, থাকাই স্বাভাবিক। কিন্তু সেই উচ্চারণে স্কুল-কলেজে লেখাপড়া শেখানো কি আদৌ ঠিক? অথবা সে ভাষা কি ব্যবহার করা যায় পোশাকি আলোচনায় কিংবা একটা সভায়? মনে রাখা দরকার, আঞ্চলিক ভাষা দিয়ে সবকিছু করা সম্ভব নয় এবং সব অঞ্চলের লোকদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব নয়, তার জন্য প্রয়োজন প্রামাণ্য ভাষার। প্রামাণ্য ভাষার শব্দভান্ডার আঞ্চলিক ভাষার তুলনায় অনেক ঐশ্বর্যমণ্ডিত, তার প্রকাশ ক্ষমতাও অনেক বেশি। এ কারণে প্রামাণ্য ভাষায় লেখা ও কথা বলার কোনো বিকল্প নেই। শিক্ষিত ব্যক্তি মাত্রেরই উচিত, প্রামাণ্য ভাষাকে আয়ত্ত করে তার ঐশ্বর্য নিজের করে নেওয়া। তাকে স্বেচ্ছায় অস্বীকার করা বুদ্ধিমানের কাজ নয়। এই প্রত্যাশা থাকে বলেই উচ্চশিক্ষিত এবং উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তিদের মুখে অথবা ইলেকট্রনিক-মাধ্যমে আঞ্চলিক ভাষা শুনতে ভালো লাগে না। আঞ্চলিকতার চেয়েও এখন বড় চ্যালেঞ্জ এসেছে বাক্য গঠনে এবং শব্দ চয়নের ক্ষেত্রেও। বারবার লক্ষ করি শিক্ষিত লোকেরাও বাক্য শুরু করেন একভাবে, ‘বাট’ সেভাবে শেষ করতে পারেন না। ‘সো’ বাক্যটাকে অসমাপ্ত রাখেন অথবা বাক্যটাকে ভিন্ন পথে নিয়ে যান। এই শিক্ষিত লোকদের শব্দভান্ডার অত্যন্ত সীমিত, ইংরেজি শব্দ যৎকিঞ্চিৎ জানলেও পুরো বাক্য বলার ক্ষমতা নেই, তাই তাঁরা ‘বাট’ আর ‘সো’-এর ভেজাল দিয়ে কথা বলেন। বাংলা শব্দ কী হবে, তা ‘আস্ক’ করেন সহকর্মীকে।বিলেতের টেলিভিশনে সাধারণ লোকের সাক্ষাৎকার প্রায়ই দেখা যায় খবরের মধ্যে। অবাক হয়ে লক্ষ করি, রাস্তায় মাটি কাটছে যে, সেও কথা বলার সময়ে বাক্য শেষ করে—তাতে তাঁর উচ্চারণ যেমনটাই হোক। শিক্ষিত সমাজের তো কথাই নেই। সরকারি ও সওদাগরি অফিসের সাধারণ কর্মচারীসহ সবার ভাষাই মোটামুটি সঠিক। এমনকি, রাজনীতিকদেরও। মার্গারেট থ্যাচার থেকে আরম্ভ করে ডেভিড ক্যামেরুন পর্যন্ত ডজন-ডজন মন্ত্রী ও বিরোধী দলের শ্যাডো স্পোকসম্যানদের দেখেছি, যাঁরা চমৎকার উচ্চারণে ‘অ্যাঁ অ্যাঁ’ ছাড়াই অনর্গল নিজেদের বক্তব্য পেশ করছেন। দেখলে প্রশংসা না করে পারা যায় না। সাধারণ মানুষের কাছে এঁরা বস্তুত অনুসরণযোগ্য একটা আদর্শ স্থাপন করেন।মোট কথা, বাংলা ভাষার প্রতি নবতম চ্যালেঞ্জ এসেছে আঞ্চলিকতা আর কিছু ইংরেজি শব্দের পথ ধরে। কয়েক দশক আগেও লক্ষ করতাম, যাঁরা গ্রাম থেকে আসতেন তাঁরা শিক্ষা লাভ করে নিজেদের ভাষাকে উন্নত করতে চেষ্টা করতেন। ফলে তাঁদের মুখের ভাষায় আঞ্চলিক উচ্চারণ কমে যেত। লিখিত ভাষার মান উন্নত হতো। কিন্তু এখন উন্নতির পথে যাওয়ার কোনো প্রচেষ্টা বলতে গেলে দেখাই যায় না। বরং দেখা যায়, উল্টোটা। পোশাক-আশাকে কেতাদুরস্ত শিক্ষিত তরুণ-তরুণীরা কেবল যে আঞ্চলিক ভাষায় কথা বলেন তা-ই নয়, বরং রীতিমতো চেষ্টা করেন নতুন নতুন আঞ্চলিকতা শিখে নিজেদের ভাষাকে আরও আঞ্চলিক করে তুলতে। দৃষ্টান্ত দিয়ে বলতে পারি, মধ্য ও উত্তর বাংলায় ‘এসেছিস’, ‘খেয়েছিস’ অথবা ‘করেছিস’-এর বদলে ‘আইসস’, ‘খাইসস’, ‘করসস’ বলে না। কিন্তু এসব অঞ্চলের তরুণ-তরুণীরাও এখন রাজধানীতে এসে অল্পকালের মধ্যে এ ধরনের আঞ্চলিকতা রপ্ত করে ফেলেন। এভাবে তাঁরা তাঁদের ভাষার মান উন্নত না করে আরও অবনত করেন।আমাদের দেশে এ রকম আঞ্চলিক ও আরবি-ফারসি উপাদান মেশানো ভাষা প্রচলনের পক্ষে যেসব লেখক ওকালতি করেছিলেন এবং এসব উপাদান নিজেদের ভাষায় প্রয়োগ করে তার দৃষ্টান্ত রেখেছিলেন, তাঁদের মন-মানসিকতা বিচার করলে দেখা যাবে তাঁরা কেবল আঞ্চলিক নন, সাম্প্রদায়িকও। তাঁদের দৃষ্টিতে প্রমিত বাংলা হলো নদীয়ার, তথা হিন্দুদের ভাষা। কথাটা সঠিক নয়। প্রামাণ্য বাংলা কেবল নদীয়ার ভাষার ভিত্তিতে নির্মিত হয়নি। তা ছাড়া এ ভাষা এখন সব বাঙালির। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম এই ভাষাতেই লিখেছেন। তাঁদের সাহিত্য পড়তে হলে এ ভাষাই আমাদের শিখতে হবে। কিন্তু বাংলাদেশের আধডজন তরুণ লেখক ইসলামি বাংলা লেখার পক্ষে যুক্তি দেন। নিজেদের ভাষাকে সরাসরি ইসলামি না বলে ঢাকাকেন্দ্রিক প্রামাণ্য ভাষা বলেন।তবে সৌভাগ্যক্রমে এই লেখকেরা প্রবন্ধ লিখে এই জগাখিচুড়ি অশুদ্ধ ভাষাকে জনপ্রিয় করতে পারেননি। সে কাজটা করেন কয়েকজন টেলিভিশন নাট্যকার এবং সেই নাটকের পরিচালকেরা। তাঁদের এই প্রয়াসকে প্রশংসা করা যায় না। বস্তুত, তাঁরা যে কাজটা করেছেন, তা পাকিস্তানি আমলে ভাষার চরিত্রহানির যে অপপ্রয়াস চালানো হয়েছিল, তাকেই মনে করিয়ে দেয়। ভাষা আন্দোলনের মাসে এই ইচ্ছাকৃত আঞ্চলিকতা আরোপের প্রচেষ্টাকে অশুভ বলেই আখ্যায়িত করছি।ভাষার বিকার ঘটানোর কাজে আরও একটা প্রধান ভূমিকা পালন করছে এফএম রেডিও। ইংরেজি আর আঞ্চলিকতার ভেজাল দিয়ে এবং বিকৃত উচ্চারণে বাংলা বলে এসব রেডিওর উপস্থাপকেরা জাতির সামনে বাংলা ভাষার শ্লীলতাহানি করছেন। এফএম রেডিওর পরিচালক ও উপস্থাপকেরা আমাদের প্রিয় ভাষার মান নিচে নামিয়ে আনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী। তবে রেডিও আর টেলিভিশনের তুলনা করলে অনেক বেশি দায়ী টেলিভিশন। কারণ এফএম রেডিও প্রচারিত হয় সীমিত এলাকায়। তা ছাড়া, যত লোক এফএম রেডিও শোনেন, তার থেকে অনেক বেশি লোক দেখেন টেলিভিশন। ফলে টেলিভিশন দর্শকদের ওপর যে বিপুল প্রভাব বিস্তার করতে পারে, রেডিও অথবা খবরের কাগজ তা পারে না। অক্ষরজ্ঞান না থাকলে খবরের কাগজ পড়া যায় না, কিন্তু টেলিভিশন দেখা যায়। কাজেই টেলিভিশন যত লোকের কাছে পৌঁছাতে পারে, খবরের কাগজ তা পারে না, বিশেষ করে শহরে-গঞ্জে।কেবল টেলিভিশন-নাটকের দোষ দিয়ে লাভ নেই, টেলিভিশনের টক শো অথবা অন্যান্য অনুষ্ঠানও কমবেশি দায়ী এই ভাষা বিকারের জন্য। টক শো অথবা অন্যান্য অনুষ্ঠানের উপস্থাপক এবং অংশগ্রহণকারীরা যে সব সময় প্রমিত বাংলায় কথা বলেন, অথবা সঠিক উচ্চারণে কথা বলেন, তা নয়।অশুদ্ধ বাংলা, বিশেষ করে অশুদ্ধ উচ্চারণে বাংলা শেখানোর জন্য দায়ী একটা বড় গোষ্ঠীই হলো শিক্ষক সম্প্রদায়, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এই শিক্ষকদের ভাষায় আঞ্চলিকতার যথেষ্ট প্রভাব থাকে। ছাত্ররা কম বয়সে এঁদের কাছে যে বাংলা শেখে, সে ভাষা তারা আর সহজে কোনো দিন ভুলতে পারে না। এভাবে শিক্ষকদের মাধ্যমে ছাত্ররা এবং ছাত্রদের মাধ্যমে অন্য ছাত্ররা এই একই বাংলা শিখতে থাকে।আঞ্চলিকতা বিস্তারে এবং ভাষার বিকৃতির জন্য আমাদের দেশের যাঁরা সুপরিচিত জনব্যক্তিত্ব তাঁরাও কম দায়ী নন। বিশেষ করে, কোনো কোনো রাজনীতিক আছেন, যাঁদের ভাষাকে প্রমিত বাংলা বলে আখ্যায়িত করা কঠিন। বক্তৃতা ও আলাপ-আলোচনায় তাঁরা সাধারণ মানুষের কাছে যে আদর্শ তুলে ধরেন, সাধারণ মানুষ তা দিয়েও প্রভাবিত হন।আমাদের প্রিয় মাতৃভাষাকে বিকৃত করার কাজে সম্প্রতি মাঠে নেমেছে বড় বড় কিছু কোম্পানি। এরা পত্রপত্রিকায় বাংলা বিজ্ঞাপন দিচ্ছে রোমান হরফে লিখে। পত্রিকাগুলো টাকা চায়। তাই বিজ্ঞাপনে যা-ই লেখা হোক না কেন, তারা সেসব ছাপিয়ে দেয় বিনা প্রতিবাদে। বাংলা বিজ্ঞাপন রোমান হরফে লিখে এই কোম্পানিগুলো কার কাছে তাদের বক্তব্য তুলে ধরতে চায়, আপাতদৃষ্টিতে সেটা বোঝা মুশকিল। তবে মনে হয়, এসব বিজ্ঞাপনের পাঠক হলো আমাদের দেশের ইংরেজি মাধ্যমে পড়া তরুণ-তরুণীরা। এই তরুণেরা ইংরেজি কতটা শিখেছে, সে সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা যায়। কিন্তু বাংলা যে শেখেনি, এমনকি অনেকে বাংলা বর্ণমালাও চেনে না, এটা জানা কথা। এই তরুণদের গোষ্ঠী ছাড়া কোম্পানিগুলো আর কার জন্য রোমান হরফে বাংলা বিজ্ঞাপন প্রকাশ করবে? আমাদের দেশের শতকরা কতজন পড়তে পারে রোমান হরফ? বেশি নয়। এ কথা জানা সত্ত্বেও কোম্পানিগুলো যদি রোমান হরফে বিজ্ঞাপন প্রকাশ করে তাহলে বলতে হবে, তারা তা করছে সজ্ঞানে বাংলা ভাষাকে বিকৃত করার উদ্দেশ্য নিয়ে। আর এঁরা যদি আমাদের বাংলা হরফ ভুলিয়ে দিয়ে রোমান হরফে বাংলা লেখার রীতি চালু করতে চায়, তাহলে আমাদের একটাই জিজ্ঞাস্য, যদি রোমান হরফেই বাংলা লিখব, তাহলে ভাষা আন্দোলন করে রক্ত ঝরানোর কী দরকার ছিল? অথবা কী দরকার ছিল একাত্তরের ভয়ানক রক্তাক্ত সংগ্রামের?