সংকটের সমাধান রাজনীতিকদেরই করতে হবে
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সংকট সৃষ্টি হয়েছে, তার সমাধান রাজনীতিকদেরই করতে হবে। তাঁদের বাইরে এর কোনো সমাধান নেই।তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল রাজনীতিকদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতার কারণে। একটি দেশের জন্য এটা কোনো গৌরবের বিষয় নয়। তার পরও রাজনীতিকদের কারণেই তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীর এক বিশেষ দাবিতে পরিণত হয়েছিল।কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলো সাধারণভাবে সবাই মেনে নিলেও প্রতিবারই যে দল পরাজিত হয়েছে সেই দল তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা সম্পর্কে সন্দেহ পোষণ করেছে। এমনকি তা প্রকাশও করেছে। এতে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মন থেকে মেনে নিতে পারেনি।রাজনৈতিক দলগুলো সব সময়ই তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতা শেষপর্যায়ে এসে গেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যেমন হতো, সংসদে না যাওয়া প্রভৃতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরও তা-ই হয়েছে। কারণ, এই সময়ের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি, যা আসা উচিত ছিল।এখন আবার যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে রাজনীতিকদের এমন কিছু করা উচিত, যাতে জনগণের ভোটাধিকার অক্ষুণ্ন থাকে এবং জনগণ অতীতের মতো কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। এ ব্যাপারে বিরোধী দল সংসদে গিয়ে কথা বলুক। সরকারি ও বিরোধী দল একটা বোঝাপড়ার মাধ্যমে সংকটের সমাধান করুক। জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিক।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক।