টিপাইমুখ প্রকল্প প্রসঙ্গে সরকারের যে সমালোচনা হচ্ছে, তা যতটা না জাতীয় স্বার্থের কারণে, তার চেয়ে বেশি রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন।ভারতের মণিপুর রাজ্যের বরাক নদে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে যৌথ বিনিয়োগ চুক্তি সইয়ের সংবাদ প্রচারের ছয় দিন পর গণমাধ্যমের কাছে মুখ খোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় ৪০ মিনিটের এ সংবাদ সম্মেলনে টিপাইমুখ নিয়ে ভারতের আশ্বাসে সরকার যে সন্তুষ্ট, সেটি আরেকবার তিনি বুঝিয়েছেন। আবার এ নিয়ে তিনি বিরোধী দলের ওপর এই বলে দায় চাপিয়েছেন, বিএনপি কখনো টিপাইমুখ নিয়ে কিছু করেনি। তিনি গত বুধবার সাংবাদিকদের প্রশ্ন না শুনে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে চলে যাওয়ার বিষয়টি পত্রিকায় প্রকাশ হওয়ায় উষ্মা প্রকাশ করেন।টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা রকম বক্তব্য কি সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ কি না—জানতে চাইলে দীপু মনি বলেন, ‘সরকারের মাঝে কোনো সমন্বয়হীনতা নেই। ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করা হবে না। আমরা তাতে আস্থা রাখতে চাই। তার পরও এ প্রকল্পে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু হবে কি না, সেটি যাচাই করে দেখতে আমরা বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালনা করব এবং এ বিষয়ে ভারতের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছি।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ২০০৯ সালের ২১ মে আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নদীর গতিপথ পরিবর্তন করে সেচকাজের জন্য কোনো কিছু টিপাইমুখে করা হবে না। তার পরও আমরা ভারতকে বলেছি, বিস্তারিত তথ্য পেলে আমাদের জন্য কাজটি সহজ হবে।’টিপাইমুখ নিয়ে সরকারের সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপাল, ভুটানের সঙ্গে আমরা যখন টিপাইমুখের চেয়ে দ্বিগুণ আকৃতির বাঁধের কথা বলি, তাতে কিন্তু কারও আপত্তি থাকে না। কিন্তু টিপাইমুখ নিয়ে সমালোচনা ওঠে।’ভারতের প্রস্তাবিত এ প্রকল্প নিয়ে সরকারের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটিকে পররাষ্ট্রমন্ত্রী অমূলক বলে মত দেন। তিনি বলেন, ‘সমালোচনাটি একেবারেই সঠিক নয়। এ ব্যাপারে কী কী পদক্ষেপ সরকার নিয়েছে, সেটি পর্যালোচনা না করে মন্তব্য করাটা উদ্দেশ্যপ্রণোদিত। যাঁরা এ ধরনের সমালোচনা করেন, তাঁরা বাস্তবতা না ভেবে গায়ের জোরে কথা বলেন।’টিপাইমুখ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারকে সহযোগিতার যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি খুবই ইন্টারেস্টিং প্রস্তাব। তাঁকে আমরা গুরুত্ব দেব। পাশাপাশি এটুকুও বলতে চাই, খালেদা জিয়ার দলের ১৫ বছরের শাসনামলে যদি যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হতো, তবে টিপাইমুখ নিয়ে এত কথা বলার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক যে তাঁর সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যাক, অনেক দেরিতে হলেও তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।’প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী টিপাইমুখ ইস্যুতে ভারতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কবে পাঠানো হবে—জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। কী ধরনের প্রতিনিধি সে দলে থাকবে, তা-ও আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। সময় হলেই আপনারা জানতে পারবেন।’সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির মতো বাংলাদেশ টিপাইমুখ নিয়ে আন্তর্জাতিক ফোরামে যাবে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চাই। যদি সুযোগ থাকে এবং প্রয়োজন হয়, তবে আন্তর্জাতিক ফোরামে যেতে বাধা নেই।’তিস্তার পানিচুক্তি সইয়ের জন্য দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গেও সরকার আলোচনা করছে। টিপাইমুখ নিয়ে মণিপুর রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে যেকোনো সময় যে কারও সঙ্গে আলোচনা হতে পারে।’ভারতের আশ্বাসের পর বাংলাদেশ কি মনে করে টিপাইমুখ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) তো সুবিধা আছে, যেকোনো বিষয়ে লিখে দিতে পারেন। কিন্তু সরকারে থেকে পর্যালোচনা না করে ঢালাওভাবে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’সাংবাদিকদের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংসদেরা যখন দায়িত্ব পালনের চেষ্টা করেন, তখন তাঁদের সহায়তা করা উচিত। একেবারে ন্যূনতম শালীনতাটুকু বজায় রাখা উচিত। এটি রাজনৈতিক শালীনতার জন্যও খুব প্রয়োজন।’