পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, টিপাইমুখ প্রসঙ্গে সরকারের যে সমালোচনা হচ্ছে, তা যতটা না জাতির স্বার্থের দৃষ্টিকোণ থেকে, তার চেয়ে বেশি রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে।আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দীপু মনি এ মন্তব্য করেন।দীপু মনি বলেন, ‘নেপাল, ভুটানের সঙ্গে আমরা যখন টিপাইমুখের চেয়ে দ্বিগুণ আকৃতির বাঁধের কথা বলি, তাতে কিন্তু কারও আপত্তি থাকে না। কিন্তু টিপাইমুখ নিয়ে সমালোচনা ওঠে।’টিপাইমুখ নিয়ে সরকার যথাযথ দায়িত্ব পালন করছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমালোচনাটি একেবারেই সঠিক নয়। পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। যাঁরা এ ধরনের সমালোচনা করেন, তাঁরা বাস্তবতা না দেখে গায়ের জোরেই কথা বলেন।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে টিপাইমুখ নিয়ে যে আশ্বাস দেওয়া হয়েছে, সেটি বাংলাদেশ বিশ্বাস করে। তার পরও প্রস্তাবিত প্রকল্পে কী আছে এবং তাতে বাংলাদেশের কোনো ক্ষতি হবে কি না, সেটি বিস্তারিতভাবে জানতে ভারতের কাছে তথ্য চাওয়া হয়েছে।’বিরোধীদলীয় নেত্রী টিপাইমুখ নিয়ে যে প্রস্তাব রেখেছেন, তা সমর্থন করেন কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘এটি খুবই ইন্টারেস্টিং প্রস্তাব। আমি একে স্বাগত জানাই। তাঁকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি এটুকুও বলতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার যদি যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নিতেন, তবে টিপাইমুখ নিয়ে এত কথার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক যে তাঁর সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যাক, অনেক দেরিতে হলেও তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।’টিপাইমুখ বিষয়ে সাংবাদিকদের সমালোচনা করে দীপু মন্ত্রী বলেন, ‘সাংসদেরা যখন দায়িত্ব পালনের চেষ্টা করেন, তখন তাঁদের সহায়তা করা উচিত। একেবারে ন্যূনতম শালীনতাটুকু বজায় রাখা উচিত। এটি রাজনৈতিক শালীনতার জন্যও খুব প্রয়োজন।’