সংকীর্ণ-বেহাল বিকল্প সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা সেতু ও মেঘনা-গোমতী সেতু সংস্কারের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ গত শুক্রবার থেকে চার দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময়ে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বিকল্প পথ ব্যবহার করছে মহাসড়কের যানবাহনগুলো। কিন্তু তুলনামূলক সংকীর্ণ ও বেহাল বিকল্প সড়ক চাপ নিতে পারছে না বাড়তি গাড়ির। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু ও কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজ শুরু হয়েছে শুক্রবার ভোর ছয়টায়। বিভিন্ন যানবাহনকে ওই সময় থেকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে কাঁচপুর, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হয়ে কুমিল্লার ময়নামতি দিয়ে চট্টগ্রাম যেতে হচ্ছে। বিকল্প সড়কের সরাইল বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশের ৪২ কিলোমিটার সড়ক বর্তমানে ক্ষতবিক্ষত। এ অংশের সাতটি সেতুও ঝুঁকিপূর্ণ। মহাসড়কের অতিরিক্ত প্রায় ২৫ হাজার গাড়ি এ পথে নিয়ে আসা হয়েছে। অথচ এর জন্য প্রস্তুত করা হয়নি সড়কটি।গতকাল শনিবার দিনভর সরেজমিনে দেখা গেছে, ১৮ ফুট প্রশস্ত কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কজুড়ে দুই দিকেই গাড়ির জটলা। অত্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন। দেবীদ্বার উপজেলার ছংচাইল ও ইউসুফপুর সেতু দুটির বেহাল দশার কারণে ঝুঁকি নিয়েই চালকেরা যানবাহন পার করছেন।পাথরবাহী একটি ট্রাকের চালক ফরিদ মিয়া বলেন, ‘ছংচাইল সেতুর ওপর ওঠার পর সেতু কেঁপে ওঠে। ঝুঁকি নিয়েই আমরা সেতু পার হই।’ ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাসের চালক আনোয়ার হোসেন বলেন, বিকল্প সড়কের অবস্থা যাচ্ছেতাই। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করতে করতেই হিমশিম খেতে হচ্ছে।সড়কের বিভিন্ন অংশে গিয়ে দেখা গেছে, পাকা অংশের বাইরের গর্তে মাটি ফেলছেন শ্রমিকেরা। কিন্তু গাড়ির চাপে তা আবার সরে যাচ্ছে। এ ছাড়া দুই দিকের গাড়ির বিশৃঙ্খলা এড়াতে ট্রাফিক পুলিশসহ একাধিক পুলিশ সদস্যকে ব্যস্ত থাকতে দেখা যায়।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বিভিন্ন অংশের খানাখন্দ মাটি দিয়ে ভরাট করছে। এ কাজে নিয়োজিত শ্রমিক মো. ইউনুছ মিয়া বলেন, ‘মাটি ফালাইতাছি ঠিকই, কিন্তু কোনো লাভ অইতাছে না। ৮-১০টা ট্রাক গেলেই মাটি দাইব্বা যায়।’ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং জেলা ও পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০০ পুলিশ। প্রতি ১০ কিলোমিটার অন্তর বসানো হয়েছে পুলিশের চৌকি। পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত দলও বিভিন্ন স্থানে পুলিশকে সহযোগিতা করছে।যান চলাচল স্বাভাবিক রাখতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে ৪০ কিলোমিটার সড়কের ওপর থেকে রিকশা ও অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে। এসব তদারক করছেন চারজন নির্বাহী হাকিমসহ বিপুলসংখ্যক সড়ক পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর বেইলি সেতু এলাকায় গতকাল দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট বিপ্লব কুমার পাল। তিনি বলেন, ট্রাফিক বিভাগসহ পুলিশের অনেক সদস্যই ভোর থেকে কাজ করছেন। কিন্তু গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে আমরা সাময়িকভাবে কাজ করে যাচ্ছি। সড়কটি ভালোভাবে সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন।’ বিপাকে অভ্যন্তরীণ পথের যাত্রীরাও: এদিকে ঢাকা-চট্টগ্রাম পথের সব যানবাহন বিকল্প হিসেবে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে চলাচল করায় ওই সড়কে কোনো অটোরিকশা, অটোটেম্পো ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ পথের যাত্রীরা।ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড়ে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রী আজহারুল ইসলাম বলেন, ‘সিএনজি অটোরিকশা না থাকায় বেকায়দায় পড়েছি। আধা ঘণ্টা দাঁড়িয়েও বাসে উঠতে পারিনি।’ শিশু কোলে আরেক যাত্রী সুরমা চৌধুরী বলেন, ‘বাচ্চা ও ব্যাগ নিয়ে বেকায়দায় পড়েছি। কষ্ট যেমন হচ্ছে, তেমনি ঘণ্টার ঘণ্টা অপেক্ষা করে সময়ও নষ্ট হচ্ছে।’সেতুর মেরামতকাজের জন্য ঢাকার আশপাশের, বিশেষ করে কুমিল্লার দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস, চান্দিনা, মুরাদনগর, চাঁদপুরের কচুয়া, মতলব দক্ষিণ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার যাত্রীরা রাজধানী ঢাকায় আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল মেঘনা-গোমতী ও মেঘনা সেতু এলাকায় গিয়ে নারী, শিশু, বৃদ্ধা ও ব্যবসায়ীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে দেখা যায়। নারীরা সন্তান কোলে নিয়ে, হাতে থলে নিয়ে এবং ব্যবসায়ী ও বৃদ্ধারা হাতে-কাঁধে-পিঠে বোঝা নিয়ে মেঘনা-গোমতী সেতুসহ কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে, ইঞ্জিনচালিত ট্রলারে করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। মন্ত্রীর পরিদর্শন: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল দুপুরে মেঘনা সেতুর সংস্কারকাজ পরিদর্শনে আসেন। এ সময় মেরামতকাজের প্রকল্প পরিচালক কর্নেল মো. সাজ্জাদ হোসেন কাজ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, সংস্কারকাজ শেষ হলে আগামী ১০ বছর সেতুটি ঝুঁকিমুক্ত থাকবে। মহাসড়ক বন্ধ থাকায় সাময়িক অসুবিধা ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। এ ব্যাপারে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং দাউদকান্দি, দেবীদ্বার, ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি।]