কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে? এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় না। সরকারি তথ্যে বিভ্রান্তি বাড়ে। চলতি বছর ১২ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’-এ ২৭টি জাতিগোষ্ঠীর উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতারা এই সংখ্যা মানতে চান না। তাঁরা বলছেন, দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা কমপক্ষে ৪৫টি। ফোরামের নেতাদের অভিযোগ, সরকারের এই গেজেটের কারণে অন্তত ১৮টি জাতি স্বীকৃতিহীন হয়ে গেল। আইনে চাকমা, মারমা, ত্রিপুুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, কোচ, সাঁওতাল, ডালু, উসাই (উসুই), রাখাইন, মণিপুরি, গারো, হাজং, খাসিয়া, মং, ওঁরাও, বর্মণ, পাহাড়ি, মালপাহাড়ি, মুণ্ডা, কোল—এই ২৭টি জাতিগোষ্ঠীর উল্লেখ করেছে সরকার। অন্যদিকে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও নিজেদের সূত্রে তথ্য সংগ্রহ করে আদিবাসী ফোরাম বলছে, মাহালি, মাহাতো, মালো, মুশহর, পাহান, পাত্র, রাই, রাজবংশী, কর্মকার, খাড়িয়া, ভূমিজ, বেদিয়া, সিং, তুরী, অহমিয়া, বাগদি, বানাই, গোর্খা, মুরারী, খণ্ড এরাও বাংলাদেশে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেসবাহ কামাল প্রথম আলোকে বলেন, জাতিগোষ্ঠীর সংখ্যা নির্ণয় না করেই আইনটি করা হয়েছে। বিভিন্ন সংগঠনের কাছে যে তালিকা রয়েছে তাও অনুসরণ করা হয়নি।১৯৯১ ও ২০০১ সালের আদমশুমারিতে ২৭টি জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করে বাকিদের ‘অন্যান্য’ শ্রেণীতে ফেলা হয়। গত নয় বছরে এই অন্যান্য জনগোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার কোনো উদ্যোগ নেয়নি সরকার। মেসবাহ কামাল বলেন, আইনে উল্লিখিত সংখ্যার কোনো ভিত্তি নেই। কারণ আদমশুমারিতে উল্লিখিত ২৭টি জনগোষ্ঠীর মধ্যে ‘মাহাতো’ ছিল। কিন্তু আইনটিতে মাহাতো নেই। তিনি বলেন, আইনে পৃথকভাবে উসাই ও ত্রিপুরা উল্লেখ করা হয়েছে। কিন্তু উসাই হচ্ছে ত্রিপুরার একটি গোত্রের নাম। এ ছাড়া ম্রংরা মারমা হলেও দুটিকেই আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে আইনে।বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক এইচ কে এস আরেফিন প্রথম আলোকে বলেন, আদিবাসী ফোরামের জরিপ অনুযায়ীই দেশে ৪৫টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে। কিন্তু এ সংখ্য আরও বেশি। তিনি বলেন, সংখ্যা নির্ধারণ না করে আইন করা উচিত হয়নি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ইতিমধ্যেই বাদপড়া জাতিগোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’