সংখ্যা বেড়েছে, মান নিয়ে শঙ্কা, শহর-গ্রামের ব্যবধান ঘোচেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পাওয়া মেধাবীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, শিক্ষার গুণগত মান নিয়ে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার ফল ভালো হলেও মান এখন পর্যন্ত খুব একটা বাড়েনি। তবে তাঁরা সংখ্যা ও গুণগত মানের মধ্যে এক ধরনের সমতা আসার লক্ষণ দেখতে পাচ্ছেন।গত শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ উপস্থিত কর্মকর্তাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করার কথা বলেন। ফল প্রকাশের দিন রাজধানীর সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরার একটি মন্তব্য নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেছেন, ‘আমার ছাত্রদের মেধা বাড়ছে না কিন্তু জিপিএ-৫ বাড়ছে। এটা আশ্চর্যজনক।’ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শিক্ষাসংশ্লিষ্ট অনেকেই এমন প্রশ্ন তুলছেন। অবশ্য ঢাকা বোর্ডে সেরা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করা রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কারও কারও মতে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর বাড়লেও মেধার বিকাশ ঘটছে না, এটা পুরোপুরি সত্য নয়। ইতিমধ্যে পরীক্ষাপদ্ধতির পরিবর্তন হয়েছে, নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের মনোভাবের পরিবর্তন হয়েছে, প্রশ্নপত্র তুলনামূলক সহজ হচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতাও বেড়েছে। এসব কিছুই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, খুব ভালো শিক্ষার্থী যেমন জিপিএ-৫ পাচ্ছে, তেমনি মধ্যম মানের শিক্ষার্থীও জিপিএ-৫ পাচ্ছে। এর ফলে ভালো ও মধ্যম মানের শিক্ষার্থীরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তবে সব মূল্যায়ন পদ্ধতিতে এ সমস্যা আছে। তাই বলে জিপিএ-৫-এর সংখ্যা বৃদ্ধির বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখা ঠিক নয়। কোনো সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও শিক্ষার সঙ্গে জড়িত প্রবীণ শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া যায়, তার সারমর্ম হচ্ছে, বিদ্যমান লেখাপড়া ও পরীক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীদের প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে না। তবে শিক্ষা ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি নকলপ্রবণতা প্রায় নির্মূল হয়ে গেছে। পরীক্ষায় পাসের হার ও শিক্ষার গুণগত মান প্রসঙ্গে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘পত্রিকা পড়ে জানতে পারলাম, ইংরেজি ও গণিতে পাসের হার বেশি হওয়ায় গড় পাস বেড়েছে। তার মানে এই নয় যে, তারা এ দুটি বিষয় ভালোভাবে শিখেছে বা উচ্চ মান অর্জন করেছে। বাস্তবতা হলো, তাদের প্রশ্ন কমন পড়েছে বা প্রশ্ন সহজ হয়েছে।’ তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ইংরেজিতে ভর্তি হয়, তাদের প্রায় ৭০ ভাগের জ্ঞান নিম্নমানের। শহর ও গ্রাম তুলনা করলে গ্রামের শিক্ষার্থীদের ইংরেজির মান খুবই দুর্বল। অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করে আসার পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছেলেমেয়েরা ইংরেজিতে এমন সব সাধারণ ভুল করে, যা বিদ্যালয় পর্যায়ে শেখার কথা ছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, ‘কেউ যদি আমাকে প্রশ্ন করেন, মন্ত্রী হিসেবে আমার প্রধান চ্যালেঞ্জ কী? আমি বলব, একমাত্র চ্যালেঞ্জ শিক্ষার মান উন্নয়ন করা।’ তিনি বলেন, এই লক্ষ্য সামনে রেখে সরকার একের পর এক কর্মসূচি নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করার লক্ষ্যে আর্থিক সুবিধা বাড়ানো, বিনামূল্যে বই দেওয়া, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা চালু করা, উপবৃত্তি দেওয়া, শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা, পাঠ্যক্রম ও পরীক্ষাপদ্ধতির সংস্কার প্রভৃতি। মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।শহর ও গ্রামের ব্যবধান: এ বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শহর ও গ্রামের ব্যবধান চোখে পড়ার মতো। শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্র সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় পাসের হার এ বছর ৮৮ দশমিক ৭৮ শতাংশ। রাজধানী পার হয়ে ঢাকা জেলায় গেলে ওই হার ৭৮ দশমিক ৮১, যা ১০ ভাগ কম। ঢাকার পার্শ্ববর্তী দুই জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে যথাক্রমে ৭৭ দশমিক ৫৮ এবং ৮০ দশমিক ১১ শতাংশ। রাজধানী, ঢাকা জেলা ও পার্শ্ববর্তী দুই জেলা ছাড়িয়ে প্রত্যন্ত এলাকার দিকে এগোলে পাসের হার ক্রমাগত কমেছে। রাজধানী ছাড়া ১৭ জেলা নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় ঢাকা বোর্ড। এর মধ্যে পাসের হার সবচেয়ে কম জামালপুর জেলায়, ৬৬ দশমিক ৭৫ শতাংশ। নেত্রকোনা ও কিশোরগঞ্জে এই হার ৬৮ দশমিক ৪৯ এবং ৬৯ দশমিক ৭০ শতাংশ।সবচেয়ে ছোট শিক্ষা বোর্ড সিলেটেও শহর ও প্রত্যন্ত এলাকার ব্যবধান চোখে পড়ার মতো। সিলেট জেলায় পাসের হার ৮১ দশমিক ৩৪ হলেও সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় তা যথাক্রমে ৭৪ ও ৭৫ শতাংশ।সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক প্রথম আলোকে বলেন, শিক্ষার গুণগত মানের সঙ্গে মূল তিনটি বিষয় জড়িত। এগুলো হলো শ্রেণীকক্ষের শিখন ফল, প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষার খাতা মূল্যায়ন। এই তিনটি বিষয় যথাযথভাবে সম্পন্ন না হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাবে না। চেয়ারম্যান বলেন, ‘শিক্ষা প্রশাসন এগুলো নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের এ ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া নিজ দায়িত্ব পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন প্রত্যেক শিক্ষক।’রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, শহরের স্কুলগুলো বরাবর ভালো করছে। এর কারণ ঢাকায় যারা পড়ালেখা করছে, তাদের জন্য অভিভাবকেরা প্রচুর শ্রম দিচ্ছেন, বিপুল অর্থ বিনিয়োগ করছেন। এ ছাড়া ঢাকার শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা তুলনামূলক বেশি। শহরের শিক্ষার্থীরা জানাশোনায় তুলনামূলক এগিয়ে থাকেন।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এখন পর্যন্ত গ্রাম ও শহরের ব্যবধান সেভাবে ঘোচেনি। কিন্তু গ্রামাঞ্চলে শিক্ষার প্রতি আগ্রহ ক্রমাগত বাড়ছে। এমনকি যেসব অভিভাবক কোনো দিন বিদ্যালয়ে যাননি, তিনিও সন্তানকে লেখাপড়া শেখাতে টাকা জোগাড়ের জন্য অমানুষিক পরিশ্রম করছেন।