সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কাজী আকরামের প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে কাজী আকরাম উদ্দিন আহমেদ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৩০ পরিচালক পদের মধ্যে কাজী আকরাম উদ্দিন আহমেদ সমর্থিত প্যানেল থেকে ২০ জন এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক সমর্থিত প্যানেল থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছে। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে কাজী আকরামের প্যানেল ১১টি ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নয়টি পরিচালক পদে জয়লাভ করেছে। অপর দিকে আনিসুল হক সমর্থিত প্যানেল চেম্বার গ্রুপ থেকে চারটি ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ছয়টি পরিচালক পদে জয় পেয়েছে। রাতভর ভোট গণনা শেষে ভোরে নির্বাচন পরিচালনা বোর্ড বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচিত ৩০ জন এবং মনোনীত ১৮ জন পরিচালক মিলে সোমবার এফবিসিসিআইয়ের নতুন সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। এরপর ২৯ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।এর আগে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা ২০ মিনিট পর্যন্ত মতিঝিলের ফেডারেশন ভবনে উত্সবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেম্বার গ্রুপের মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬১১ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে রাত নয়টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে চেম্বার গ্রুপের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটের ফলাফল। নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন দুই গ্রুপেই কাজী আকরাম ও আনিসুল হকের প্যানেল থেকে ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সেই হিসাবে ৩০টি পরিচালক পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৬৩ জন।নির্বাচিত ৩০ পরিচালক: অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে কাজী আকরাম সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত নয় পরিচালক হলেন—নিজামউদ্দিন আহমেদ, আবদুর রাজ্জাক, কে এম আখতারুজ্জামান, হারুনুর রশিদ, এম এ মোমেন, শফিকুল ইসলাম ভরসা, শাহেদুল ইসলাম হেলাল, আবু মোতালেব ও মোহাম্মদ হেলালউদ্দিন। একই গ্রুপ থেকে আনিসুল হক সমর্থিত প্যানেলের নির্বাচিত ছয় পরিচালক হলেন—আবদুল হক, আবু আলম চৌধুরী, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, মোহাম্মদ জালালউদ্দিন ও আনোয়ার হোসেন। চেম্বার গ্রুপ থেকে কাজী আকরাম সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ১১ পরিচালক হলেন—আমিনুল হক শামীম, রেজাউল করিম রেজনু, বজলুর রহমান, মনোয়ারা হাকিম আলী, মমতাজউদ্দিন, প্রবীর কুমার সাহা, এ কে এম সাহিদ রেজা, আবদুল ওয়াহেদ, জালালউদ্দিন আহমেদ, সিরাজুল হক ও বিজয় কুমার কেজরিওয়াল। একই গ্রুপ থেকে আনিসুল হক সমর্থিত প্যানেলের নির্বাচিত চার পরিচালক হলেন—আনোয়ার সাদাত, গোলাম মোস্তফা তালুকদার, কোহিনুর ইসলাম ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন। নিয়ম অনুযায়ী, এবার অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে দ্বিবার্ষিক মেয়াদের (২০১২-২০১৪) জন্য এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হবেন। আর স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এই পদে প্রার্থী হয়েছেন। তবে এখন পর্যন্ত সভাপতি পদে অন্য কেউ প্রার্থিতা ঘোষণা করেননি। এ ছাড়া, চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন প্রথম সহসভাপতি আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হবেন।