পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্টের (এমকিউএম) দুজন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতি রোধ করায় সরকারি ব্যর্থতার প্রতিবাদে এই দুই মন্ত্রী পদত্যাগ করেছেন বলে এমকিউএমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর পাশাপাশি এমকিউএম জানিয়েছে, ক্ষমতাসীন জোটে তাঁরা থাকবে কি থাকবে না, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এমকিউএম যদি জোট থেকে সরে দাঁড়ায়, তাহলে পার্লামেন্টে গিলানি সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমকিউএমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রথম ধাপে জোট সরকারের দ্বিতীয় প্রধান ও শক্তিশালী রাজনৈতিক দল এমকিউএমের দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দলগতভাবে সম্পর্ক ছিন্ন করা এবং প্রাদেশিক সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে।এ মুহূর্তে জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন ইউসুফ রাজা গিলানির সরকার। এর মধ্যে এ দুই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ সরকারকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। গত সপ্তাহে জোটের অপর শরিক দল জামায়াতে উলামায়ে ইসলামের একজন মন্ত্রীকে বরখাস্ত করায় দলটিই জোট থেকে সরে দাঁড়ায়। এরপর এমকিউএমের দুই মন্ত্রীর পদত্যাগ সত্যিকার অর্থেই সরকারের জন্য নতুন আশঙ্কার সৃষ্টি করেছে। কারণ, সংসদে জোট সরকারের আসন রয়েছে ১৮১টি। এর মধ্যে এমকিউএমের রয়েছে ২৫টি আসন। ৩৪২ আসনবিশিষ্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭২টি আসন। বিবিসি।