সংখ্যালঘু নির্যাতনকারীদের খুঁজে বের করতে কমিটি
গত ফেব্রুয়ারি মাসে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ ও সহিংসতা ঘটিয়েছে, তার কারণ উদঘাটন, ক্ষতিগ্রস্ত লোকজনের ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতি নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে সাত সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিচে নয়), সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, উপ-মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার এক অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট মামলার এক আদেশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটি গঠন করে। এ ছাড়া কমিটি দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।