সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ১৩ এপ্রিল বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনায় ১৩ এপ্রিল দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা। এই কর্মসূচির আওতায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছেন তাঁরা।নেতারা বলেন, যুদ্ধাপরাধের বিচার নস্যাত্ এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে চেষ্টা চালাচ্ছে। আর তাদের সাহায্য করছে প্রশাসনে লুকিয়ে থাকা একটি মহল।আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্ম ও মহানবীকে কটাক্ষ করা হয়েছে—এমন অভিযোগ এনে স্থানীয় দৈনিক পত্রিকা দৃষ্টিপাতের সংবাদের পরিপ্রেক্ষিতে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকেরা স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে এবং তাদের ওপর নির্যাতন করে।রানা দাশগুপ্ত বলেন, কিছুদিন আগে চট্টগ্রামের হাটহাজারির নন্দীরহাটে একই রকম ঘটনা ঘটেছে। এবার ঘটেছে সাতক্ষীরায়। এভাবে বারবার কেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে? সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না ? সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন তিনি।রানা দাশগুপ্ত অভিযোগ করেন, চট্টগ্রাম ও সাতক্ষীরার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকার পাশাপাশি মৌলবাদীদের উসকানি দিয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় স্থানীয় রাজনৈতিক নেতাদের একটি বড় অংশ হামলার সময় কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেনি বলে তিনি অভিযোগ করেন। বরং সাতক্ষীরার পুলিশ মৌলবাদীদের চাপে পড়ে ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজওয়ান হারুন ও সহকারী প্রধান শিক্ষিকা মিতা রানীকে গ্রেপ্তার করেছেন বলে জানান তিনি।পরিষদের অন্যতম নেতা সুব্রত চৌধুরী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সাতক্ষীরা কালীগঞ্জে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাহাবুদ্দিন কমিশনের সুপারিশ অনুসরণ করে সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব বিষয়ে প্রশাসনকে কঠোর ও সক্রিয় অবস্থান নিতে হবে।প্রসঙ্গত, ২০০১ সালে সংখ্যালঘুদের ওপর সহিংস ঘটনা তদন্তে উচ্চ আদালতের নির্দেশে গঠিত শাহাবুদ্দিন তদন্ত কমিশনের প্রতিবেদন সম্প্রতি (নয় মাস আগে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তাতে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা বজায় রাখতে বেশ কিছু সুপারিশ করা হয়।