সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠী নিয়ে নীরব সু চি
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে বারবার জাতিগত শুদ্ধি অভিযানের শিকার হয়েছে রোহিঙ্গারা। একবার ষাটের দশকের জাতীয়তাবাদী জয়জয়কারের সময়, একবার আশির দশকের গোড়ায় এবং পরবর্তী সময় নব্বইয়ের দশকের শুরুতে। প্রতিবারই সেনাবাহিনীর হাতে অসংখ্য রোহিঙ্গা নিহত হয়েছে এবং অন্যরা হয়েছে বিতাড়িত। চলতি বছরের ৮ জুন দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমান ও রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এবার প্রাণ যায় অন্তত ৮০ জনের। আর গৃহহীন হয় প্রায় ৯০ হাজার মানুষ। এখনো বাঁচার আশায় প্রতিনিয়ত বাংলাদেশে আশ্রয় নিতে আসছে মিয়ানমারের বাসিন্দারা। এই অশান্ত পরিস্থিতিতে দেশটিতে শান্তির বাহক হিসেবে যাঁর অনন্য ভূমিকা রাখার কথা ছিল, তিনিই এ বিষয়টিতে ছিলেন একেবারে নিশ্চুপ। শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি দাঙ্গা-উপদ্রুত এলাকায় যাননি, বরং পূর্বনির্ধারিত ইউরোপ সফর নিয়েই ব্যস্ত ছিলেন। সফরকালে সু চি তাঁর প্রজ্ঞা, সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসায় সিক্ত হলেও প্রায়ই তাঁকে নিজ দেশের সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি নিয়ে বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়েছে। তবে তা এড়িয়ে গেছেন তিনি।রোহিঙ্গারা মিয়ানমারের নাগিরক কি না, এমন এক প্রশ্নের জবাবে সু চি বলেছেন, ‘আমি জানি না।’ যা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে।১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়া মিয়ানমারে রয়েছে সরকারিভাবে স্বীকৃত ১৩৫টি নৃতাত্ত্বিক গোষ্ঠী। ছয় কোটি মানুষের এক-তৃতীয়াংশই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর। এর মধ্যে বেশির ভাগেরই রয়েছে গোষ্ঠীগত সংঘাত এবং সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা।সফরের শেষ দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সাক্ষাত্কারে সু চি বলেন, ‘নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের অনেকেই মিয়ানমারের নাগরিক। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে প্রকৃত নাগরিকদের চিহ্নিত করার সামর্থ্য আমাদের থাকতে হবে।’সম্প্রতি দেশটিতে সৃষ্ট এ জাতিগত দাঙ্গাকে স্থানীয় অনেক বিশ্লেষকই মনে করছেন সুচিন্তিতভাবে সেনাবাহিনীর তৈরি বিষয় হিসেবে। আর যদি সত্যিই এর পেছনে সেনাবাহিনীর হাত থেকে থাকে, তাহলে এর পেছনে তাদের কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে রয়েছে দেশে-বিদেশে সু চিকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা, নিজেদের গুরুত্ব তুলে ধরা অথবা কচিন বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযান থেকে জনগণের নজর অন্যদিকে সরিয়ে নেওয়া। থান্ত মিউন্ত উ নামের মিয়ানমারের ইতিহাসবিদ দেশটিকে যুদ্ধবিধ্বস্ত কম্বোডিয়া ও আফগানিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন। আর এ বিষয়ে গত বছর সু চির কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘মিয়ানমারের অবস্থা এতটা খারাপ নয়।’অথচ গত বছর পর্যন্ত জান্তা সরকার নিজেদের দেশটির জামিনদার মনে করত। তারা মনে করত, একমাত্র সেনাবাহিনীই বিদ্রোহীদের হাত থেকে মিয়ানমারকে রক্ষা করতে পারে। অনেক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি হলেও কোনো শান্তিচুক্তি হয়নি। এর ফলে বিদ্রোহীদের হাতে অস্ত্র রয়েই গেছে। তবে এসব বিদ্রোহী গোষ্ঠীর বেশির ভাগই সামরিক সরকারের অত্যাচার-নিপীড়নের মুখে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো কেৌশলগত কারণেই সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে(এনএলডি)সমর্থন দিয়ে আসছে। গত এপ্রিলে নির্বাচনের মধ্য দিয়ে সু চি পার্লামেন্টে যোগ দেন। তিনি এখন রাজনৈতিক গৃহবন্দী নন, একজন রাজনীতিবিদ। তাই তাঁর কাছে দেশের বিশেষ করে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর প্রত্যাশাও অনেক। কিন্তু এ জাতিগত দাঙ্গায় সু চির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে বিশেষ করে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সঙ্গে এখন তাঁর সম্পর্ক খুবই নাজুক। গোষ্ঠীগুলো মনে করছে, এনএলডি মিয়ানমারবাসীর দল। সংখ্যালঘুদের প্রতি তাদের কোনো অঙ্গীকার নেই।বিদ্রোহী গোষ্ঠী কচিন তাদের ওয়েবসাইটে লিখেছে, বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত আক্রমণের নিন্দা না জানানোর বিষয়ে লন্ডনে সু চিকে প্রশ্ন করা হয়। সেখানে সু চি বলেন, ‘নিন্দা জানানোই যুদ্ধের সমাধান নয়। যুদ্ধের মূল কারণ খুঁজে বের করতে হবে।’ ইতিহাসবিদ থান্ত মিউন্ত উ, সু চির এ উত্তরকে মিয়ানমার সরকারের গতানুগতিক শোষণ ও অমানবিক আচরণ বলে উল্লেখ করেছেন। নতুন সরকার ক্ষমতায় এসে কারেন, চিন ও মনের মতো বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি করেছে। তার পরও তাদের ও অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে সরকারের আন্তরিকতা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েই গেছে। যদিও বছর ধরে এনএলডির সু চি এবং অন্যান্য দলের মুখপাত্ররা পাংলং চুক্তিটি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। ১৯৪৭ সালে মিয়ানমারের স্বাধীনতার অগ্রদূত সু চির বাবা অং সানের নৃতাত্ত্বিক গোষ্ঠী শান, কচিন ও চিনের প্রতিনিধিদের সীমান্তবর্তী এলাকায় ‘পূর্ণ স্বায়ত্তশাসন’ দেওয়ার প্রতিশ্রুতিতে নথি সই হয়। এর ওপর ভিত্তি করেই নতুন করে পাংলং চুক্তিটি করা হয়েছে।তবে কচিন বিদ্রোহীরা এ চুক্তিকে ব্যর্থ বলে উল্লেখ করেছে। সু চি এবং এনএলডি রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করলেও তারা নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখছে না। বরং নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর কাছে তারা শত্রুতে পরিণত হয়েছে। ইকোনমিস্ট অবলম্বনে লিপি রানী সাহা