সংখ্যালঘু হলেই সন্ত্রাসী নয়
সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হলেই কোনো নিরপরাধ ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া যাবে না। একই সঙ্গে আটক করে কারাগারে পোরা যাবে না। গতকাল বুধবার ভারতের সুপ্রিম কোর্ট গুজরাট পুলিশকে এ নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্য হিন্দু অনলাইনের খবরে এ কথা জানানো হয়। বিচারপতি এইচ এল দত্ত ও বিচারপতি সি কে প্রসাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বলেন, ‘আমার নাম খান, তবে আমি সন্ত্রাসী নই’—নিরীহ কোনো মানুষের মনে যেন এমন অনুভূতি না হয়, পুলিশকে তা নিশ্চিত করতে হবে। নামের কারণে মুসলমানদের হয়রানির কাহিনি নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ ছবির সংলাপ এটি। সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনে গ্রেপ্তার হওয়া ১১ ব্যক্তির খালাসের নির্দেশ দিয়ে আদালত এসব কথা বলেন। তাঁদের বিরুদ্ধে ১৯৯৪ সালে জগন্নাথপুরী যাত্রায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ এনেছিল গুজরাট পুলিশ।