সংখ্যালঘুদের অধিকার রক্ষার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার ও নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে আন্তরিক ভূমিকা নেওয়ার অঙ্গীকার করেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর অবস্থা সম্পর্কে লন্ডনে এক সেমিনারে তাঁরা এ অঙ্গীকার করেন।হাউস অব লর্ডসের এক কমিটি কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সেমিনারে অংশগ্রহণকারী সবাই রামুর সাম্প্রতিক সহিংসতাকে বাংলাদেশের জন্য একটি লজ্জা হিসেবে বর্ণনা করেন এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক গ্রুপের সহসভাপতি লর্ড অ্যাভবেরির সভাপতিত্বে সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন এবং নেদারল্যান্ডস-ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স। এতে আওয়ামী লীগের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী। আর বিএনপির পক্ষে অংশ নেন এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শমসের মবিন চৌধুরী। উভয় দলের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। রামুর ঘটনার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, বৌদ্ধমন্দিরগুলো পুনর্নির্মাণে এবং সম্ভব হলে হুবহু স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে।সেমিনারের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি আব্বাস ফয়েজ রামুর ঘটনার নিন্দা এবং সেখানে সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে আসার ক্ষেত্রে বিলম্বের জন্য আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের সমালোচনা করেন।গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের প্রতিনিধি জেনি লুন্ডস্ট্রম রামুর সহিংসতার পাশাপাশি বর্তমান সরকারের আমলে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার উল্লেখ করে এর নিন্দা জানান। শমসের মবিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং সে কারণেই বৌদ্ধ সম্প্রদায় দেশের জনগোষ্ঠীর ২ শতাংশের কম হওয়ার পরও বুদ্ধপূর্ণিমা উৎসবের দিন সরকারি ছুটি থাকে। অথচ ব্রিটেনে মুসলমানরা জনগোষ্ঠীর ২ শতাংশের বেশি হলেও ঈদ উৎসবে কোনো ছুটি নেই।আহমদিয়া সম্প্রদায়ের সেলিম মালেক সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে বলেন, তাঁদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নভেম্বরে রংপুরের তারাগঞ্জে তাঁদের মসজিদ নির্মাণে বাধা দেওয়ার পর তাঁরা প্রশাসনের সহায়তা চাইলে তাঁদের কাজ বন্ধ রাখতে বলা হয় এবং পরে স্থানীয় সাংসদ যে মধ্যস্থতা করেন, তাতে তাঁদের মসজিদটি দেড় মাইল দূরে নির্মাণ করতে বলা হয়। লেখক শাহরিয়ার কবির বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজটি শুরু হয় ধর্মের দোহাই দিয়ে এবং তার সূচনা করে জামায়াতে ইসলামী। বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির খুশী কবির বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অপরাধীদের অপরাধের জন্য শাস্তি না পাওয়া।ব্রিটিশ লর্ডসভার সদস্য ব্যারনেস পলাউদ্দিন আগামী নির্বাচনে সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি রাজনৈতিক ফুটবল হিসেবে যাতে ব্যবহার করা না হয়, সে জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মিজারুল কায়েসও বক্তব্য দেন।