সংখ্যালঘুদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়: মজীনা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে তাদের ওপর এ হামলা বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় ড্যান ডব্লিউ মজীনা এ মন্তব্য করেন। মতবিনিময় সভার শুরুতে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের স্লাইড শো দেখানো হয়। গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের চিত্র ওই স্লাইড শোতে দেখানো হয়। স্লাইড শো প্রদর্শনের পর মজীনা বলেন, ‘এসব দৃশ্য আমি প্রতিদিন টেলিভিশন ও সংবাদপত্রে দেখি। তবে আপনাদের উপস্থাপনা দেখে এর ভয়াবহতা সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারলাম। বাংলাদেশকে আমি একটি ধর্মনিরপেক্ষ, মধ্যপন্থী ও মুক্তচিন্তার ধারক দেশ হিসেবে জানি। কিন্তু সংখ্যালঘুদের ওপর হামলা বাংলাদেশের মূলধারার পরিপন্থী।’হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মজীনা বলেন, ‘এসব হামলায় আমি খুব মর্মাহত। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ রাষ্ট্রদূত বলেন, ‘এসব হামলা কে চালাচ্ছে, তা আমার জানা নেই। তবে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করতে হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আইনের আওতায় এনে এসব দুর্বৃত্তকে শাস্তি দিতে হবে। সেই সঙ্গে সংখ্যালঘুদের জানমালের নিশ্চয়তা দিতে হবে।’মতবিনিময় সভায় বক্তব্য দেন মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, নিমচন্দ্র ভৌমিক, রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ প্রমুখ। সকালে মার্কিন রাষ্ট্রদূত ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে পৌঁছালে মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী এবং মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা তাঁকে স্বাগত জানান।