সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে আজ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারা মোড়ে আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। মহাজোটের মহাসচিব গোবিন্দ পরমানিক প্রথম আলো ডটকমকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং এসব বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে। গোবিন্দ পরমানিক বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি।’ তিনি জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ এবং আলাদা মন্ত্রণালয় করার দাবি জানান।জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, জাগো হিন্দু, সেবাশ্রম ফাউন্ডেশনসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতা-কর্মী ও ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হিন্দু শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন।কদম ফোয়ারা মোড়ে অবস্থান নেওয়ার কারণে মত্স্যভবন থেকে কদম ফোয়ারা হয়ে প্রেসক্লাব এবং মত্স্যভবন থেকে কদম ফোয়ারা হয়ে শিক্ষাভবন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।