সংখ্যালঘুদের ওপর হামলায় নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের
সম্প্র্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নেওয়া পদক্ষেপ তিন সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুল জারি করেন। রুলে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এসব হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়। এ ছাড়া নাগরিকের অধিকার রক্ষা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ দায়িত্ব পালনে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তা-ও রয়েছে।সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস স্ট্রাস্ট (ব্ল্যাস্ট), সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ ছয়টি সংগঠন ও এক ব্যক্তি রিট আবেদনটি করেন। আজ রিটের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নেওয়া পদক্ষেপ তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রুল জারি করে ৩০ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। শুনানিতে ড. কামাল হোসেন বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়। এ পর্যন্ত শতাধিক ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের জানমাল রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিনই এ জাতীয় ঘটনা ঘটছে। তাই আদালতের হস্তক্ষেপ চাচ্ছি।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘ঘটে যাওয়ার পর সরকার বিভিন্ন জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছে। সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তার হয়েছে। তাই এ ব্যাপারে সরকার নিষ্ক্রিয়, এটা বলা যায় না।’ এদিকে আসকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো তদন্ত করে কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আসক জানায়, রিট আবেদনে পত্রিকায় প্রকাশিত সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে ৯৪টি সহিংসতার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ১৮৭টি বাড়িঘর ও ১৬২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, ৮৯টি মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ১১৩টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সহিংসতার মধ্যে কেবল ৩৩টি ঘটনায় মামলা হয়েছে।