বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, এক বছর ধরে জামায়াত-শিবিরের ইন্ধনে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেভাবে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে, সেটা ভয়াবহ। এসবের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ নীরবে দেশত্যাগ করেছে। তিনি বলেন, সমাজের সচেতন ব্যক্তিদের শুধু চিন্তা করলেই হবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।গতকাল শুক্রবার বিকেলে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। বাংলাদেশের ৩৩ জন বিশিষ্ট প্রগতিশীল বুদ্ধিজীবীর আহ্বানে পাঁচ দফা দাবি আদায়ে প্রতিষ্ঠিত সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর উদ্যোগে এ সমাবেশ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুল ইসলাম ও মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানের শুরুতেই ঘোষণাপত্র পাঠ করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর। সমাবেশে আনিসুজ্জামান বলেন, জামায়াতের উসকানিতে গত এক বছরে দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির-বিহারে যেভাবে হামলা চালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, সেগুলো সরকারের অর্থায়নে হয়তো এখন পুনর্নির্মাণ করা হচ্ছে। কিন্তু, আক্রান্তদের মনে যে অবিশ্বাস ও ক্ষতের সৃষ্টি হয়েছে, তা দূর করার উপায় কী? মানবাধিকারকর্মী সুলতানা কামাল জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের জন্মের বিরুদ্ধে কাজ করেছে জামায়াত। মুক্তিযুদ্ধের পর থেকেই দলটি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে আসছে। এদের মুখেই কেবল ধর্মের কথা, কিন্তু আচার-আচরণে সেটা মোটেই নেই।অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ধূর্ত রাজনৈতিক দল। বিএনপি এই দলটিকে পুনর্বাসিত করে মন্ত্রী বানিয়েছে আর এখন আশ্রয় দিচ্ছে। দলটি বিএনপির ঘাড়ে চেপেছে। একসময় আওয়ামী লীগের ঘাড়ে চাপার চেষ্টা করেছিল। এখন যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে যুক্তরাষ্ট্রকেও ব্যবহারের চেষ্টা করছে।