সংখ্যালঘুরা শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যের শিকার: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংখ্যালঘুরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যের শিকার হয়। বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ও দলিতরা সাধারণ শিক্ষায় সহজে আসতে পারে না। তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।আজ শনিবার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুবান্ধব পরিবেশ তৈরি ও একীভূত শিক্ষাবিষয়ক একটি অ্যাডভোকেসি সভায় রাশেদ খান মেনন এ কথা বলেন। বেসরকারি সংস্থা অধিকার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করে।সভার উদ্বোধনী অনুষ্ঠানে মেনন বলেন, ‘সংখ্যালঘুরা নিজেদের ভাষায় শিক্ষার সুযোগ পায় না বলে ঝরে পড়ে। তিনি বলেন, সংবিধানে একীভূত শিক্ষার কথা বলা আছে। শিক্ষা হবে সবার জন্য। কিন্তু আমরা তা করতে পারছি না।’সংখ্যালঘুরা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার উল্লেখ করে মেনন বলেন, ঢাকাতেও দলিতরা সাধারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকতে পারে না। পরিচ্ছন্নতাকর্মীর সন্তানেরা নানা বৈষম্যের শিকার হয়।সভায় অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, অধিকারের সভাপতি সি আর আবরার প্রমুখ বক্তব্য দেন।সভায় বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা, সমাজবিজ্ঞান ও ইতিহাসের মোট ৩৫টি পাঠ্যবই নিয়ে করা একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। পাঠ্যবইগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে ভালো বা খারাপ দিকগুলো কীভাবে তুলে ধরা হয়েছে, তা গবেষণায় দেখানো হয়।