জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ এক-তৃতীয়াংশ পরীক্ষার্থীই একটি স্তরে অবস্থান করছে। গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের প্রায় ৩১ শতাংশ পরীক্ষার্থী গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) দুই থেকে তিন পেয়েছে।পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী। এদের মধ্যে পাঁচ লাখ ৫৪ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী শতকরা ৪০ থেকে ৫৯ নম্বর পেয়েছে। লেটার গ্রেডে এটা ‘বি’ অথবা ‘সি’। ‘বি’ মানে ৫০ থেকে ৫৯ নম্বর এবং ‘সি’ মানে ৪০ থেকে ৪৯ নম্বর। শতকরা ৩৩ নম্বর পেলে আনুষ্ঠানিকভাবে পাস। কিন্তু গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এখন রাজধানীর অধিকাংশ বিদ্যালয়ে পাস নম্বর বিবেচনা করে ৪৫-৫০। প্রকাশিত ফলাফলে ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছে প্রায় আট লাখ শিক্ষার্থী। বাকি সাত লাখ পরীক্ষার্থীর অবস্থান ৩৩ থেকে ৪৯ নম্বরের মধ্যে। এ ছাড়া দুই লাখ ৯৩ হাজার শিক্ষার্থী (প্রায় ১৬ শতাংশ) ফেল করেছে।মোট ১০টি সূচক বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় সব সূচকে অগ্রগতির কথা জানিয়েছে। কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থীদের মান বিবেচনা করতে গেলে দেখা যায়, বেশির ভাগ শিক্ষার্থীর অবস্থান পেছনের দিকে। এ থেকে ধারণা পাওয়া যায়, পাসের হারে এগিয়ে থাকলেও মানের বিবেচনায় পিছিয়ে আছে এই স্তরের শিক্ষার্থীরা। বিশ্লেষণে দেখা যায়, এই দুটি পরীক্ষায় গড়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী, যা সংখ্যায় মাত্র ৩০ হাজার ৮৫২ জন। মোট ১৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর এই সংখ্যা খুবই কম। শতকরা ৮০ থেকে ১০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। ঢাকা বোর্ডে এমন সেরা শিক্ষার্থীর সংখ্যা ২ দশমিক ৬৭ শতাংশ। তবে কুমিল্লা, যশোর, চট্টগ্রামে এই সংখ্যা ২ শতাংশের কম। আবার সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা শতকরা এক ভাগেরও কম। এবার জিপিএ-৫ থেকে ৪-এর মধ্যে স্থান পেয়েছে প্রায় ১২ শতাংশ শিক্ষার্থী, এই সংখ্যা দুই লাখ ২১ হাজার ৭৪৯ জন। এভাবে জিপিএর মান যত কমেছে তত বেশি বেড়েছে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা। জিপিএ-৩ থেকে সাড়ে তিনের মধ্যে স্থান পেয়েছে তিন লাখ শিক্ষার্থী, যা মোট উত্তীর্ণের ১৭ শতাংশ। আবার জিপিএর সর্বনিম্ন ধাপ এক পয়েন্ট (লেটার গ্রেডে ‘ডি’) পেয়েছে প্রায় সাড়ে আট শতাংশ শিক্ষার্থী এবং এই সংখ্যা দেড় লাখ। শিক্ষা মন্ত্রণালয় অবশ্য ভিন্ন আঙ্গিকে দেখিয়েছে সব সূচকে অগ্রগতির চিত্র। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল সোয়া তিন লাখ বেশি, অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় চার লাখ, ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার, পাসের হার বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া গত বছরের তুলনায় ২২ হাজার ২৯৬ শিক্ষার্থীর জিপিএ-৫ বেশি পাওয়া, শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়া, শতভাগ অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়গুলো ইতিবাচক বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা-সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ হচ্ছে, শিক্ষা সামাজিক আন্দোলনে পরিণত হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এখানে মন্ত্রণালয়ের করণীয় তেমন কিছু ছিল না। তবে মন্ত্রণালয়ের শাস্তির ভয়ে শূন্যভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, আবার মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেতে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। বিনা মূল্যে সময়মতো বই দেওয়া, নকল প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ এবং টেলিভিশনে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচারিত হওয়ায় পরীক্ষার ফল ভালো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, জোট সরকারের সময় থেকে নকল কমার যে প্রবণতা, তা অব্যাহত রয়েছে। বিনা মূল্যে বই এর আগেও দেওয়া হয়েছে। তা ছাড়া টেলিভিশনে সেরা শিক্ষকদের পাঠদান মাস কয়েক আগে চালু হয়েছে এবং এত দ্রুত পরীক্ষার ফলাফলে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।