সংখ্যায় বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিক্ষাবিদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক পরীক্ষায় ভালো ফলের প্রধান মানদণ্ড হলো পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (এসএসসি ও এইচএসসি) পরীক্ষায় এই দুটি সূচকই ঊর্ধ্বমুখী। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। পাসের হারও বেড়েছে।কিন্তু প্রশ্ন উঠেছে, এই দুই পরীক্ষায় যেভাবে ফল ভালো হচ্ছে, সে অনুযায়ী শিক্ষার গুণগত মান বাড়ছে কি না? শিক্ষাবিদেরা মনে করছেন, ফল অনুযায়ী মান বাড়ছে না। তবে এর সঙ্গে একমত নন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আর ইংরেজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এসএসসি ও এইচএসসির ভালো-মন্দ ফল। এবারে এইচএসসিতে ঢাকাসহ বেশ কয়েকটি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ভালো করায় পাসের হার বেড়েছে। আবার যশোরে একই বিষয়ে খারাপ করায় ফল খারাপ হয়েছে।ইংরেজির শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ইংরেজিতে ভালো করায় পাসের হার বেড়েছে। কিন্তু শিক্ষার্থীরা আসলে ইংরেজি কতটা শিখছে, তা বলা মুশকিল। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অনেক শিক্ষার্থী ইংরেজিতে ভালো করে আবেদনপত্র লিখতে পারেন না। এ জন্য পদ্ধতিকে দায়ী করে তিনি বলেন, বর্তমান পদ্ধতিতে ঠিকমতো গ্রামার নেই, ট্রান্সলেশন নেই, গল্প-কবিতাও সেরকম নেই। এতে শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতা বাড়ছে না। তাঁর মতে, ইংরেজির জন্য পুরোনো পদ্ধতিই ভালো। সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, ‘পরিমাণগত মান বেড়েছে। কিন্তু গুণগত মান বেড়েছে বলা যাবে না। শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সাংস্কৃতিকভাবে বড় হলো কি না, খেলাধুলাসহ পরিপূর্ণ মানুষ হলো কি না, সেগুলোও দেখতে হবে।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রায়ই বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। মানসম্মত শিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে। গত বুধবার প্রকাশিত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৪ হাজার ৩৮৫ শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে আট হাজার ৮৭৩ জন বেশি। এ বছর আট বোর্ডে গড় পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ, যা গতবারের চেয়ে শূন্য দশমিক ৫৪ শতাংশ বেশি।আর মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে গড় উত্তীর্ণের হার ৭৫ দশমিক ০৮ শতাংশ। এই হারও গতবারের চেয়ে শূন্য দশমিক ৮০ শতাংশ বেড়েছে। ১০টি বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৭৬৯ জন, যা গতবারের চেয়ে ১০ হাজার ৭৬৫ জন বেশি।শিক্ষার মান সম্পর্কে জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন বলেন, ‘এটা ঠিক যে এখনকার শিক্ষার্থীরা মেধাবী। কিন্তু শিক্ষার মান সম্পর্কে আমার সন্দেহ আছে। জিপিএ-৫-এর জয়জয়কার, ছেলে-মেয়েরা সমানে সমানে—এসব চিত্র দেখে মনে হয় আমাদের ছেলে-মেয়েরা সত্যিই মেধাবী। তবে তাদের ভালোর জন্যই শিক্ষার মান সম্পর্কে আরও তলিয়ে দেখা দরকার।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এত ভালো ফল হওয়ায় গুণগত মান কতখানি হলো, তা নিয়ে প্রশ্ন তো থাকছেই। মাদ্রাসায় এখন সবচেয়ে বেশি পাস করে। সেখানে কি খুব বেশি পড়াশোনা হয়? তা ছাড়া জিপিএ-৫ বাদে বাকি শিক্ষার্থীরা কতটা শিখছে, সে প্রশ্নও আসে।’ তিনি বলেন, ‘পাসের হার বৃদ্ধি একটা ভালো দিক। কিন্তু তারা যেন ভালোভাবে শিখে পাস করে, সেটাই দেখতে হবে।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক আলী আসগর বলেন, ‘ছেলে-মেয়েরা পরীক্ষায় ভালো করছে, এ জন্য তাদের অভিনন্দন। তবে যে পরিমাণ ভালো হচ্ছে, সেটা গুণগত মানে আসছে না। এর বড় কারণ, এখন মৌলিকতার দিকে ঝোঁক কম। এখন লেখাপড়া হয়ে গেছে পরীক্ষামাফিক। শিক্ষার আরও কিছু উপাদান আছে, যা কেবল পরীক্ষা দিয়ে যাচাই হয় না। জ্ঞানের প্রতি আগ্রহ না থাকলে, অনুপ্রেরণা না আসলে সত্যিকার অর্থে কাজে আসবে না।’ তিনি মনে করেন, ‘এটা শিক্ষার্থীদের দোষ না। এটা আমাদের পদ্ধতির সমস্যা।’ নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, ‘শুধু পাসের হার বা জিপিএ-৫ পাওয়াদের সংখ্যা বৃদ্ধি দিয়ে শিক্ষার মান মূল্যায়ন করা যায় না। শিক্ষার মান হলো দক্ষতা ও ব্যক্তিত্বের উন্নয়নসহ অন্য বিষয়গুলো।’ তিনি বলেন, ‘আমার মনে হয় না, শিক্ষার গুণগত মান খুব বেড়েছে। কারণ এখনো শিক্ষিতদের মধ্যে চালাকি তো কম দেখা যায় না। গুণগত শিক্ষার জন্য শিক্ষিত মানুষের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। এ জন্য আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে। নিরাশ হলে চলবে না। এটা চলমান প্রক্রিয়া। এভাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ‘গুণগত মান তো বৃদ্ধি পাচ্ছেই। এখানে (পরীক্ষায়) আমাদের কোনো কৌশল নেই। গুণগত মান বাড়ার কারণেই ফল ভালো হচ্ছে। তবে আমরা গুণগত মান আরও বাড়ানোর চেষ্টা করব।’