সংগঠন গোছাতে সময় নেবে বিএনপি
সরকারবিরোধী বা নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে বড় ধরনের আন্দোলনে যাচ্ছে না বিএনপি। ভোলা-৩ আসনের উপনির্বাচন নিয়ে মাঠ গরম করতে চাইলেও সাংগঠনিক দুর্বলতার কারণে এখনই বড় কর্মসূচি সফল হবে না বলে মনে করছে দলটি। তাই আপাতত দল পুনর্গঠন, সরকারের বিরুদ্ধে জনমত গঠন ও বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে কর্মসূচি ঠিক করা হবে বলে দলের নীতিনির্ধারণী একাধিক সূত্র জানিয়েছে।বিএনপির নীতিনির্ধারকেরা জানান, বেশ কয়েকটি জাতীয় ইস্যুতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তা সফল হয়নি, বিশেষ করে ভারতের সঙ্গে করা কয়েকটি চুক্তির প্রতিবাদে নেওয়া কর্মসূচিগুলো সফল না হওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। আজ বুধবার রাজশাহী ও আগামী ১৯ মে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। তবে এখান থেকে বড় কোনো কর্মসূচি ঘোষণার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করারও সিদ্ধান্ত হয়নি। তবে জুন-জুলাইয়ে গ্যাস, পানি, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনসম্পৃক্ত ইস্যু নিয়ে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ওই সময় সিলেট থেকে ভারতের টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চ করার চিন্তাভাবনা করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে গত ২৪ এপ্রিল ভোলা জেলা সদরে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তাতে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। একই ইস্যুতে গত সোমবার ঢাকার মুক্তাঙ্গন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে লক্ষ্যস্থল পর্যন্ত যাওয়া যায়নি নেতা-কর্মীদের আগ্রহের অভাবে। এসব দিক বিবেচনা করে শীর্ষ নেতৃত্ব মনে করছেন, কোনো কর্মসূচির আগে দলকে আরও সংগঠিত ও নেতা-কর্মীদের উজ্জীবিত করা প্রয়োজন। সূত্র জানায়, নেতা-কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধান করতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ের জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে আঞ্চলিক সমস্যা চিহ্নিত করার দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের সাংগঠনিক অবস্থা নিরূপণের জন্য মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে গত রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকেরা। বৈঠকে দেওয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন অনুযায়ী ১৩ জেলায় এখনো দলটির কাউন্সিল হয়নি এবং ২৫টিতে পূর্ণাঙ্গ কমিটি নেই। ওই বৈঠকে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘বিএনপি যত শিগগিরই সম্ভব আন্দোলনে নামতে চায়। এ জন্য সংগঠনকে প্রস্তুত করার নির্দেশ নেওয়া হয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।’ তিনি দাবি করেন, কিছু দিন আগের তুলনায় বিএনপির সাংগঠনিক অবস্থা এখন কিছুটা ভালো। মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কাউন্সিলের মাধ্যমে কিছুটা ঘুরে দাঁড়ালেও তৃণমূলের কমিটি নিয়ে কোথাও কোথাও অচলাবস্থা আছে। এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।জনমত গঠনে স্থানীয় ইস্যু খোঁজা হচ্ছে: বিএনপির দপ্তরে নিয়োজিত এক নেতা জানান, তৃণমূলের বিভিন্ন ইস্যু নিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মাধ্যমে দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মনে করা হচ্ছে। এ জন্য কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফরের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের জন্য অনেক জাতীয় ইস্যু রয়েছে। স্থানীয় ইস্যুগুলো জানার জন্য বিভিন্ন জেলা শহরে সমন্বয় সভা করা হচ্ছে।বিএনপির বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের কয়েকজন নেতা জানান, স্থানীয় ইস্যু চিহ্নিত করতে তাঁদের জেলায় সমন্বয় সভা হয়েছে। তবে কোন্দলের কারণে কয়েকটি সভা ভালোভাবে শেষ করা যায়নি। বক্তব্যের সিরিয়াল নিয়েও বিভিন্ন স্থানে হাতাহাতির ঘটনা ঘটছে।