সংগঠন শক্তিশালী না হলে সরকার সফল হয় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সংগঠন শক্তিশালী না হলে সরকার সফল হয় না। তিনি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর গণভবনে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে দলের সদস্য ফরম পূরণ করে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরে স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে থাকা খুনিদের শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, ‘বাকি খুনিরা যেখানেই থাকুক, তাদের এনে রায় কার্যকর করা হবে।’ প্রধানমন্ত্রী জাতীয় চার নেতা হত্যা, গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধ ও বিডিআর হত্যার বিচার করার আশ্বাস দেন। গণভবন প্রাঙ্গণে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সভা উদ্বোধন করেন। ওই সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা ওড়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।