সংগীত নিয়ে বই লিখছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
‘সার্কেল অব সিক্সটিন’ নামের একটি গবেষণামূলক বই লেখার কাজ করছেন গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আট বছর ধরে বইটি লেখার কাজ চালিয়ে আসছেন গুণী এই শিল্পী। লেখার কাজ এখন প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই বইটি প্রকাশের ব্যাপারে অস্ট্রেলিয়ান একটি প্রকাশনা সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে তাঁর।‘সার্কেল অব সিক্সটিন ১, ২, ৩’ শিরোনামে তিন খণ্ডের এ বইয়ের সবগুলো খণ্ড একসঙ্গেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। বইটির বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘মিউজিক স্কেলের একেকটির মধ্যে রয়েছে আটটি স্বর, যাকে বলা হয় অক্টাটনিক স্কেল। ১৬০টি স্কেল নিয়ে পেন্টাটনিক এবং ১১২টি স্কেল নিয়ে হয় হেক্সাটনিক স্কেল। অন্তর্বর্তী স্কেল রয়েছে ৫ থেকে ৭ হাজার। আমি আড়াই থেকে ৩ হাজার স্কেল নিয়ে বই লিখছি।’ বুলবুল বলেন, ‘আসলে উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব স্কেলের উপর ভিত্তি করেই গান তৈরি হয়। লেখার পাশাপাশি প্রয়োজনীয় চিত্র অঙ্কনের মধ্য দিয়ে এই বিষয়গুলোকেই সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি আমার বইয়ে।’আহমেদ ইমতিয়াজ বুলবুল আরও জানিয়েছেন, ‘গত আট বছর ধরে বইটির কাজ করছি। বইটি কিন্তু আমি একা লিখছি না। ১০-১২ জন ছেলেমেয়ে নিয়ে একসঙ্গে এর কাজ এগিয়ে নিচ্ছি। তাঁদেরকে যথাসাধ্য সম্মানীও দেওয়ার চেষ্টা করছি।’ বুলবুল বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং খরচে এই কাজ চালাচ্ছি। শুরু থেকে আজ পর্যন্ত এই কাজের পেছনে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে আমার।’বই লেখা নিয়ে ব্যস্ততা থাকলেও, গান তৈরির কাজ কিন্তু থেমে নেই এই গানের কারিগরের। সম্প্রতি মান্নান সরকারের ‘পাগল মানুষ’ চলচ্চিত্রের গান তৈরি করেছেন। এ ছাড়া কয়েকটি একক অডিও অ্যালবামের সংগীত পরিচালনার কাজও তাঁর হাতে রয়েছে।চলচ্চিত্রের কিংবা অডিও অ্যালবামের গান—সব ক্ষেত্রেই গান সৃষ্টিতে সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তবে অডিও অ্যালবামের গানে নিজের চিন্তা-চেতনা প্রকাশে যে পূর্ণ স্বাধীনতা পাওয়া যায়, চলচ্চিত্রের গানে তেমনটা পাওয়া যায় না বলেই মনে করেন এই শিল্পী। কারণ, চলচ্চিত্রের গানে নির্দিষ্ট আবহ দিয়ে দেওয়া হয় বলে ছকের মধ্যে থেকে গান করতে হয়।