সংগীতজ্ঞ অজিত রায় আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগীতজ্ঞ অজিত রায় আর নেই। আজ রোববার বেলা একটা পাঁচ মিনিটে বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের আইসিইউর প্রধান ওমর ফারুক দুপুরে অজিত রায়ের পরলোকগমনের কথা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।অজিত রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। বারডেম হাসপাতালে ঢল নামে সাংস্কৃতিক কর্মী-ব্যক্তিত্বদের। তাঁর মৃত্যুর খবরে তাত্ক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বারডেম হাসপাতালে ছুটে আসেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী তপন মাহমুদ, ফকির আলমগীর, রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. গোলাম কুদ্দুসসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক কর্মী। অজিত রায়ের পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার জানান, আজ শিল্পীর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল সোমবার সকালে তাঁর মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শহীদ মিনারে রাখা হবে। সেখান থেকে নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে পোস্তগোলা শ্মশানে বরেণ্য এ শিল্পীর শেষকৃত্য সম্পন্ন করা হবে।গতকাল শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। অজিত রায়কে বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল। আজ সকালে চিকিত্সকেরা জানান, তাঁর হূদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। পাশাপাশি আরও কিছু শারীরিক সমস্যা তৈরি হয়েছে।এর আগে অজিত রায়ের মেয়ে শ্রেয়সী রায় জানিয়েছিলেন, গতকাল তাঁর ব্রঙ্কোস্কোপি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। কলকাতায় তাঁর ফুসফুসে দুবার অস্ত্রোপচার করা হয়। বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অজিত রায় অনেক গানের সুর করেছেন। তাঁর বাড়ি রংপুরে।মৃত্যুকালে তিনি স্ত্রী বুলা রায়, পুত্র রোমাঞ্চ রায় এবং কন্যা শ্রেয়সী রায় মুমুসহ বহু ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।অজিত রায় ১৯৩৮ সালের ১০ অক্টোবর রংপুরের উলিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময়ই তিনি মূলত বাংলা ভাষাকে ঘিরে গান রচনা ও পরিবেশনায় মনোনিবেশ করেন। মূলত মা কণিকা রায়ের কাছেই গান শিখেছেন। ১৯৬৩ সাল থেকে বেতার ও টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- জীবন থেকে নেয়া, যে আগুনে পুড়ি, জন্মভূমি, কোথায় যেন দেখেছি ও কসাই। সুরুজ মিয়া চলচ্চিত্রে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি অজিত রায়ই এদেশে সর্বপ্রথম গান গেয়ে পরিবেশন করেন। এই গানটিতে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর আখতার হোসেনের লেখা ও অজিত রায়ের সুরে ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানটিই প্রথম গাওয়া হয়। অজিত রায় ১৯৭১-এর জুনে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর লেখা ও সুরে অনেক গানই দেশবাসী ও মুক্তিযোদ্ধাদের মনোবল জোগায়। এসব গানের মধ্যে রয়েছে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমি যুগে যুগে আসি, হে বঙ্গ ভাণ্ডারে তব, প্রভৃতি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থাকাকালে তিনি বিভিন্ন বাংলা গান গাওয়ার পাশাপাশি রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করতেন। ১৯৭২ সালে তিনি বেতারে একজন সংগীত পরিচালক হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি তাঁর কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেন। অজিত রায় সংগীতবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ‘অভ্যুদয় সংগীত একাডেমী’র প্রতিষ্ঠাতা। সংগীতজ্ঞ অজিত রায় অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- স্বাধীনতা পদক (২০০০ সাল)। এছাড়া রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ থেকে তিনি গুণীজন পদক, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা থেকে শ্রদ্ধাঞ্জলি পত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শব্দ সৈনিক পদক, সিকুয়েন্স অ্যাওয়ার্ড (১৯৮৮), বেগম রোকেয়া পদক, চট্টগ্রাম ইয়ুথ কয়্যার অ্যাওয়ার্ড, ঋষিজ শিল্পী গোষ্ঠী পদক ও রবি রশ্মি পদকসহ আরও অনেক সম্মাননায় ভূষিত হন।