সংগীতপরিচালক ইমন গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে করা মামলায় সংগীতপরিচালক শওকত আলী ইমনকে আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। রমনা থানার পুলিশ ইস্কাটন গার্ডেনে ইমনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে রমনা থানার উপপরিদর্শক (এসআই) কাজী শরিফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল মঙ্গলবার রাতে এক নারী (২৫) শওকত আলী ইমনের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ আনেন। আজ সকালে তিনি এ ব্যাপারে মামলা করেন (মামলা নম্বর ১৪)। ওই মামলায় আজ ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গতকাল ওই নারী থানায় এসে অভিযোগ করেন, ইমন তাঁকে দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে ইমন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাঁকে বাসা থেকে বের করে দেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, শওকত আলী ইমনের বাসা থেকে নয়টি ইয়াবা ও বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা হবে বলে তিনি জানান।