সংগীতময় এক সন্ধ্যা
মঞ্চে তবলা ও সারেঙ্গিতে সুর উঠেছে। তার সঙ্গে মন ছুঁয়ে যাওয়া উচ্চাঙ্গসংগীত। শ্রোতারা চোখ বুজে সেই সুরের সঙ্গে চলে গেলেন এক ভিন্ন জগতে। সুরে সুরে পুরো সন্ধ্যা হয়ে উঠল সংগীতময়। এটি ছিল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম সন্ধ্যার চিত্র।গতকাল রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই উচ্চাঙ্গসংগীত উৎসব। কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমীর সহযোগিতায় ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল-আইসিটি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’ শীর্ষক এ উৎসব আজ শেষ হবে।অনুষ্ঠানের শুরুতেই বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষাশহীদদের স্মরণ করা হয়। ‘ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা’ ও ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’—শিল্পীদের সমবেত কণ্ঠে এই গান দুটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী সামিহান কশ্লকর। সরোদ বাজালেন আবির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে গোটা মিলনায়তন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী বিদুষী গিরিজা দেবীর সংগীত পরিবেশনার অপেক্ষার প্রহর গুনছিল। শিল্পী ৫০ বছরের সংগীতচর্চা জীবনে পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রীসহ অনেক উপাধি ও পুরস্কার। তিনি মঞ্চে এলেন। সুরের মূর্ছনায় দর্শককে নিয়ে গেলেন ভিন্ন এক জগতে। পুরো সময় দর্শকেরা তন্ময় হয়ে শুনলেন সেই সংগীত।