সংগীতশিল্পী লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে অনেক বারই এসেছেন ব্রেট লি। তবে নভেম্বরের সফরটা ছিল একদমই আলাদা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে, সামাজিক কাজে অংশ নিতে বারবার ভারতের মাটি মাড়িয়ে যাওয়া লি এবার এসেছিলেন ‘সংগীতশিল্পী’ হিসেবে। তিনি একাই নন, নিজের গড়া পুরো ‘হোয়াইট শু থিওরি’ ব্যান্ডকে নিয়ে। নিজস্ব ব্যান্ড গড়ে তুলে সংগীতের ভুবনে লি পা রেখেছেন অনেক আগেই। অস্ট্রেলিয়ায় মাঝেমধ্যেই তাঁর কনসার্ট হয়। দর্শক-সাড়াও প্রচুর। লি তাই পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বাহির হবেন বিশ্বভ্রমণে। ঠিকও করে ফেলেন, ভারতে প্রথম পা রেখেই শুরু হবে তাঁর বিশ্বভ্রমণ।ক্রিকেটার হওয়ার সুবাদে অনেক দেশ দেখার সৌভাগ্যই হয়েছে লির। তবে তাঁকে বেশি আপন করে নিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও আইপিএল খেলতে, কখনো শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে, কখনো বা স্রেফ ভ্রমণানন্দে—সময়-সুযোগ পেলেই লি ছুটে এসেছেন ভারতে। ভারত তাই লির কাছে অস্ট্রেলিয়ার বাইরে দ্বিতীয় দেশ। ২০০০ সাল থেকেই লির সংগীতচর্চা। তবে অস্ট্রেলিয়ার বাইরে তাঁর সংগীত-প্রতিভার প্রথম প্রমাণ পাওয়া যায় ২০০৭ সালের জানুয়ারিতে। ভারতের কিংবদন্তি আশা ভোঁসলের সঙ্গে হিন্দি গানের যৌথ অ্যালবাম বের করেন। আশা-লির এই যৌথ আয়োজন সাড়া ফেলে দেয় ভারতজুড়ে। জায়গা করে বলিউড চার্টের শীর্ষভাগে। মোট ১৪টি ভাষায় ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। ভারতে তো বটেই; বিশ্ব সংগীত অঙ্গনেই আশা ভোঁসলের অবস্থান অন্য জায়গায়। এমন একজন শিল্পীর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েই কিনা, ব্রেট লির মনের অন্দরের সুপ্ত শিল্পীপ্রতিভা ফুলকি দিয়ে জেগে ওঠে। এই জেগে ওঠাটাই হয়তো ঘুরিয়ে দিয়েছে জীবনের মোড়। বন্ধু মিক ভাউডনকে সঙ্গে নিয়ে গড়ে ফেলেন নিজস্ব ব্যান্ড ‘হোয়াইট শু থিওরি’। মিকের সঙ্গে লির বন্ধুত্ব নব্বই দশকের মাঝামাঝি থেকে। সময় পেলেই জমত সংগীতের আড্ডা। প্রথমে আলাদাভাবে গান করলেও পরে দুজনে সিদ্ধান্ত নেন ব্যান্ড করবেন। শিল্পী লি গানও লেখেন নিজেই। একটা গান লেখা কতটা কঠিন? লির উত্তর, ‘আধ ঘণ্টায়ও লেখা হয়ে যেতে পারে, আবার লাগতে পারে তিন বছরও! ঠিক ভালো ইয়র্কারের মতো। ইয়র্কারের জন্য সারা মাস ধরে চেষ্টা করবেন আপনি। সঠিক ইয়র্কার দিতে পারবেন হয়তো একদিন। গান লেখাও একই রকম।’ আগে নেহাত শখের বশে সংগীত চর্চা করলেও এখন সেটা লির কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে গান রেকর্ড করার পরিকল্পনাও আছে।সংগীতের দিকে উত্তরোত্তর ঝুঁকে পড়লেও ক্রিকেটের প্রতি টানটা ফুরিয়ে যায়নি। লি বলছেন তা আগের মতোই অটুট। ক্রিকেট এখনো উপভোগ করেন। টেস্ট ছাড়লেও বাঁচিয়ে রেখেছেন একদিনের ক্রিকেট খেলার আশা। এই আশাই তাঁকে নিয়মিত টেনে নিয়ে যায় জিমে। ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরিয়ে চলে ফিটনেস ধরে রাখার লড়াইও।ওয়েবসাইট অবলম্বনে খলিলুর রহমান সংগীতের প্রতি আসক্ত হলেন কীভাবে?ব্রেট লি: গান আমি সব সময় উপভোগ করি। পরিবারই আমাকে বেশি প্রভাবিত করেছে। একজন বিধ্বংসী ফাস্ট বোলারের সঙ্গে একজন সৃজনশীল সংগীতশিল্পীকে কীভাবে মেলাবেন?লি: দুটো একে অন্যের পরিপূরক। সংগীত সব সময়ই আমার কাছে বিনোদনের একটা মাধ্যম।  ক্রিকেট না সংগীত—কোনটা বেশি পরিতৃপ্তি দেয়?লি: আমি দুটোই ভালোবাসি। যখন আমি ক্রিকেট খেলি, একমাত্র জোরে বল করাটাই আমার মনে থাকে। যখন গান গাই, আমার মুখে একটা হাসি ছড়িয়ে থাকে। ভারতে ক্রিকেটার লির ব্যাপক জনপ্রিয়তাটা সংগীতশিল্পী হিসেবে আপনার কাজটাকে কি সহজ করে দেয়নি?লি: সত্য কথা। এখানে অনেক সমর্থক আছে আমার। বলিউডকে সামনে রেখে কোনো প্রকল্প?লি: আপাতত নেই।