সংগীতে-কাব্যে নজরুল সম্মেলন
‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’—এ কথা শুধু কাব্য করে নয়, নিজের জীবনেও সত্য হয়ে উঠেছিল তাঁর এই বাণী। একদিকে অভাব-দারিদ্র্য-ক্ষুধার আগুন, আরেক দিকে অন্যায়-অবিচার-দুঃশাসনের আগুন। এসব দেখেশুনে মনে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তাকে প্রকাশ করেছেন তিনি তাঁর লেখনীতে। আবার এরই মধ্যে অন্বেষণ করেছেন মানুষের মানবিক মহিমার, গেয়েছেন প্রেমপ্রীতি, প্রকৃতির অপার সৌন্দর্যের গান। তিনি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি।গত শুক্রবার ও শনিবার দুই দিন ধরে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ছিল নজরুলময়। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা আয়োজন করেছিল দুই দিনব্যাপী নজরুল সম্মেলন। নজরুলের গান স্বরলিপি অনুসরণ করে আদি সুরে ও অবিকৃতভাবে উপস্থাপনের প্রত্যয়ে গত জুলাই মাসে গঠিত হয় বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা। নজরুলের জীবনদর্শন ও সংগীতের সুরসুধা নবীন-প্রবীণ ও শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। দুই দিন জাতীয় কবির গানের পরিবেশনা, কবিতা আবৃত্তি ও গানের ছন্দে নৃত্যের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনকেন্দ্র। এসব পরিবেশনার সঙ্গে ছিল নজরুলের সৃষ্টিসম্ভার সম্পর্কে বক্তাদের কথামালা।গতকাল শনিবার শেষ দিন অনুষ্ঠান শুরু হয়েছিল সংস্থার শিল্পীদের সমবেত পরিবেশনা ‘এই আমাদের বাংলাদেশ’ গানটি দিয়ে। পরে পর্যায়ক্রমে একক ও দলীয় গান পরিবেশন করেন নবীন-প্রবীণ শিল্পীরা। এদিন ছিল সালাউদ্দীন আহমেদ, খায়রুল আনাম, লীনা তাপসী খান, ডালিয়া নওশীন, কল্পনা আনাম, দেবাশীষ দাস, অসিত রায় প্রমুখের একক পরিবেশনা। তাঁদের পরিবেশনায় গানগুলোর মধ্যে ছিল—‘কেউ ভুলে না কেউ’, ‘খোল খোল গো আঁখি’, ‘বনে বনে দোল লাগে’, ‘এখনো ওঠেনি চাঁদ’, ‘কার বাঁশরী বাজে’, ‘কাছে আমার নাইবা এলে’ এসব গান। ছিল তামান্না রহমানের নৃত্য পরিবেশনা। উদ্বোধনী দিনে সাংস্কৃতিক পর্বের শুরুতেই ছিল শিশুশিল্পীদের সম্মেলক গানের পরিবেশনা। তারা গেয়ে শোনায় ‘দাও শৌর্য, দাও ধৈর্য হে উদার প্রাণ’ গানটি। ‘দোল ফাগুনের দোল লেগেছে আমের বনে’ গানের সুরে নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দনের শিল্পীরা। এদিন বক্তৃতা দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এতে আলোচনায় অংশ নেন সংস্থার প্রধান উপদেষ্টা সুধীন দাশ, সাধারণ সম্পাদক খায়রুল আনাম, সভাপতি খালিদ হোসেন ও নজরুল পরিবারের সদস্য খিলখিল কাজী। মূল বক্তব্য পাঠ করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম।