সংগীতের অপূরণীয় ক্ষতি: অন্নপূর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত পণ্ডিত রবিশঙ্করের প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, ‘শ্রেষ্ঠতম শিল্পীদের একজনকে হারাল ভারত। এতে বিশ্বসংগীতের, বিশেষ করে মাইহার ঘরানার সংগীতের অপূরণীয় ক্ষতি হয়েছে।’গত বুধবার দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ওস্তাদ আলাউদ্দিন খাঁর মেয়ে অন্নপূর্ণা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রবিশঙ্কর আমার বাবাকে ভালোবাসতেন। ভালোবাসতেন সংগীতকে। তিনি ও দাদা (ওস্তাদ আলী আকবর খাঁ) ভারতের শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে অসীম অবদান রেখেছেন।’অন্নপূর্ণা থাকেন মুম্বাইয়ের মালাবার হিলে সমুদ্রমুখী একটি বহুতল ভবনের ছয়তলায়। বুধবার সকালে সেতারবাদক রুশিকুমার পান্ড তাঁকে খবরটা দেন, বিশ্ববিশ্রুত সেতারবাদক ও ভারতীয় উচ্চাঙ্গসংগীতের এ যুগের পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত রবিশঙ্কর আর নেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।রবিশঙ্কর ও অন্নপূর্ণার সংসার: অন্নপূর্ণার জন্ম মাইহারে, ১৯২৭ সালের ২৩ এপ্রিল চৈত্রের পূর্ণিমায়। তাঁর বাবা তখন মহারাজ ব্রিজনাথ সিংয়ের রাজদরবারে বাদক ছিলেন। মহারাজ নবাগত শিশুর নাম দেন অন্নপূর্ণা। তাঁর মুসলিম নাম রোশনারা খাঁ। অন্নপূর্ণার বয়স এখন ৮৩ বছর। এখনো রবিশঙ্করের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্পষ্ট মনে আছে। অন্নপূর্ণা বলেন, ১৯৩৮ সালের ঘটনা। বাবার কাছে সংগীতের তালিম নিতে মাইহার গ্রামে উপস্থিত হয়েছিলেন রবো (রবিশঙ্করকে তখন এই নামে ডাকা হতো)। তখন রবোর বয়স ১৮, আর অন্নপূর্ণার নয় বছর। দুজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছ থেকে একসঙ্গে সরোদসহ উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছেন। একত্রে ঘণ্টার পর ঘণ্টা বাজিয়েছেন। অন্নপূর্ণার ভাই ওস্তাদ আলী আকবর খাঁর সঙ্গেও রবিশঙ্কর বাজিয়েছেন কত কত সময়। রবিশঙ্কর ও অন্নপূর্ণার বিয়ে হয় ১৯৪১ সালে, হিন্দুরীতিতে। তাঁদের একমাত্র সন্তান শুভেন্দ্র শঙ্করের জন্ম হয় ১৯৪২ সালে। রবিশঙ্কর ও অন্নপূর্ণা ১৯৫০-এর দশকে নয়াদিল্লি ও কলকাতায় যুগলবন্দী বাজান। শুভেন্দ্র ১৯৯২ সালে মারা যান। ১৯৬১ সালে দুজনের ছাড়াছাড়ি হয়।দুজনের শেষ দেখা: অন্নপূর্ণার বর্তমান আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টে রবিশঙ্কর একবারই গিয়েছিলেন, ১৯৮০ সালে। সেবারই দুজনের শেষ দেখা ও কথা বলা। এরপর তাঁদের মধ্যে আর কোনো ধরনের যোগাযোগ ছিল না। অন্নপূর্ণা বেছে নিলেন নিভৃতচারী জীবন। খ্যাতিমান শিষ্যরা: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অনন্য প্রতিভা অন্নপূর্ণা। তাঁর শিষ্যদের মধ্যে রয়েছেন: তাঁর ভাগনে সরোদবাদক আশীষ খান দেবশর্মা, বীরেন ব্যানার্জি, প্রখ্যাত বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও নিত্যানন্দ হলদিপুর, সেতারবাদক পণ্ডিত নিখিল ব্যানার্জি প্রমুখ।সম্মান ও পুরস্কার: সংগীতকে পেশা হিসেবে গ্রহণ করেননি অন্নপূর্ণা। এর পরও ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অত্যন্ত সম্মানজনক আসন লাভ করেন তিনি। এই মহীয়সী নারী পদ্মভূষণ (৭৭), সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (১৯৯১) ও দেশিকোত্তমসহ (১৯৯৯) লাভ করেন ভারতের গৌরবময় সব পুরস্কার। অন্নপূর্ণার কোনো সংগীত অ্যালবাম নেই। কিন্তু পঞ্চাশের দশকে কনসার্টে তাঁর পরিবেশন করা বেশ কয়েকটি রাগ গোপনে রেকর্ড করা হয়। এগুলো ভারতে বেশ জনপ্রিয়। টেলিগ্রাফ অনলাইন।