সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা
নিজেদের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ পত্রিকা ছাপানোর অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল শনিবার রাতে প্রিটিং প্রেসের অ্যাক্টের আওতায় সহকারী কমিশনার (প্রকাশনা) নাসরীন সুলতানা রাজধানীর রমনা থানায় এ মামলা করেন।এ ব্যাপারে জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম আজ রোববার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে এ মামলা করা হয়েছে। মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।অননুমোদিত ছাপাখানায় পত্রিকা ছাপানোর অভিযোগে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়ে বলেন, ব্যবস্থা নিতে একটু সময় লাগবে।গত বৃহস্পতিবার পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর ওই রাতেই ছাপাখানায় তালা লাগিয়ে দেওয়া হয়। পরদিন থেকে অন্য ছাপাখানায় সীমিত আকারে পত্রিকাটি ছাপা হচ্ছে।জেলা প্রশাসন সূত্র জানায়, অন্য ছাপাখানা ব্যবহার করে পত্রিকা ছাপা হওয়ার বিষয়ে আমার দেশ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অনুমতি নেয়নি। তবে পত্রিকা ছাপা হওয়ার বিষয়ে তারা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছে।পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গতকাল রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ছাপাখানায় তালা লাগিয়ে দেওয়া হলেও পত্রিকার প্রকাশনা বন্ধ করেনি সরকার। বিকল্প ব্যবস্থায় পত্রিকা ছাপা হওয়ার বিষয়টি আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। অনুমতি নিয়েই পত্রিকা ছাপা হচ্ছে বলে তিনি দাবি করেন। রাষ্ট্রদ্রোহসহ তিন মামলায় ১৩ দিনের রিমান্ডে থাকা মাহমুদুর রহমানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজ রিমান্ডের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। দৈনিক সংগ্রামের ছাপাখানা থেকে আমার দেশ-এর কপি উদ্ধারগতকাল রাত ১১টার দিকে দৈনিক সংগ্রাম-এর ছাপাখানা আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার পাঁচ হাজার কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার ওসি শাহ আলম প্রথম আলোকে বলেন, ছাপাখানাটি থেকে আমার দেশ তিন দিন ধরে প্রকাশিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। বিনা অনুমতিতে পত্রিকাটি প্রকাশের অভিযোগে মামলা হয়েছে।