আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর প্রকাশক ও সম্পাদক আবুল আসাদ এবং ফেনী সংবাদদাতা এ বি এম আবদুর রহিমকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জরিমানার টাকা আগামী ১৩ মের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে রসিদ ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেন। একই সঙ্গে ওই দুজনকে গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালীন পর্যন্ত বসে থাকার নির্দেশ দেওয়া হয়। আদালত অবমাননার এই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ফেনীর ১২ জন আইনজীবীকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। আদেশের সময় সংগ্রাম-এর সম্পাদকসহ ১৪ জনই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।২ এপ্রিল সংগ্রাম-এ প্রকাশিত ‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শীর্ষক প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে এলে ট্রাইব্যুনাল এই ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। তাঁদের ১৬ এপ্রিল হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেদিন এ বিষয়ে শুনানিতে সংগ্রাম সম্পাদক ও অন্যদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেন, ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য ওই ধরনের বিবৃতি দেননি। সংগ্রাম-এর ফেনী সংবাদদাতাও ওই ধরনের প্রতিবেদন পাঠাননি। তবে তাঁর ই-মেইল ঠিকানা থেকে প্রতিবেদনটি সংগ্রাম কার্যালয়ে যাওয়ায় সেটি ভুলক্রমে ছাপা হয়েছে।গতকাল ছিল এ বিষয়ে আদেশের জন্য ধার্য দিন। আদেশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার বিষয়টি উল্লেখ করে বলা হয়, প্রতিবেদনটির কিছু অংশ ট্রাইব্যুনালের জন্য অবমাননাজনক এবং এই অংশ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারার লঙ্ঘন। এ ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাইলেও সংগ্রাম সম্পাদক ও ফেনী সংবাদদাতা আত্মপক্ষ সমর্থনের (ডিফেন্ড) চেষ্টা করেছেন। সংগ্রাম-এ প্রতিবাদ ছাপা হলেও তাতে তথ্য গোপন করা হয়। তাই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণযোগ্য নয়।আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন: সফিউল আলম, নুরুল ইসলাম, আশ্রাফুল হক ভূঞা, মাঈনউদ্দিন, মোতাছাম বিল্লাহ, গোলাম সরোয়ার, বেলায়েত হোসেন, কামাল উদ্দিন, আমিনুল হক, এমদাদুল হক, আবদুল কাইয়ুম ও মো. হাসান।